হস্টেলের মধ্যে সাপের কামড়ে তিন ছাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার জপটলাই গ্রামের আবাসিক এক স্কুলের হস্টেলে। জানা গিয়েছে, মোট ছ’জন ছাত্রীকে হস্টেলের মধ্যে সাপে কামড়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তিন ছাত্রীর। জানা গিয়েছে, ছয় ছাত্রীই গড়চিরৌলির একটি বেসরকারি স্কুলের ছাত্রী।
জানা গিয়েছে, রবিবার রাতে স্কুলের হস্টেলের একটি ঘরের মধ্যে ঘুমিয়েছিল ছয় ছাত্রী। কুমপারলিং কালচারাল এডুকেশন সোসাইটি এই স্কুল এবং হস্টেল পরিচালনা করে বলে জানা গিয়েছে। রাত আড়াইটে নাগাদ ঘরের মধ্যে বিষাক্ত সাপ ঢোকে। ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা ছয় ছাত্রীকেই কামড় দেয় সাপটি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছ’জন ছাত্রীকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন হাসপাতালেই মৃত্যু হয় তিন ছাত্রীর।
সূত্রের খবর, মৃত ছাত্রীদের নাম দীপিকা লাকড়া, সুস্মিতা মণ্ডল এবং অনু করেটি। এদের মধ্যে দীপিকা ক্লাস সিক্স এবং সুস্মিতা ক্লাস এইটের ছাত্রী বলে জানা গিয়েছে। এখনও আশঙ্কাজনক তিন। সম্রুদ্ধি নৈতাম, দীপিকা মাধবী এবং কবিতা কিরঙ্গা নামে ওই তিন অসুস্থ ছাত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে দীপিকা ক্লাস ফাইভ, কবিতা ক্লাস সিক্স এবং সম্রুদ্ধি ক্লাস এইটের ছাত্রী।
ঘটনায় এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন যে, তিনিও এই বিষয়ে খবর পেয়েছেন। কী ভাবে হস্টেলের মধ্যে সাপ ঢুকল তা তদন্ত করে দেখা হচ্ছে। কী প্রজাতির সাপ ছাত্রীদের কামড়েছিল তা এখনও স্পষ্ট নয়। অসুস্থ ছাত্রীদের জন্য সমস্ত রকমের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গড়চিরৌলি মহারাষ্ট্র এবং ছত্তিসগড়ের সীমানায় অবস্থিত। এক সময়ে মাওবাদী অধ্যুষিত এই এলাকায় মূলত উপজাতি সম্প্রদায়ের মানুষের বাস। চারদিকে রয়েছে ঘন, গভীর জঙ্গলও। সেখানে বিষাক্ত সাপখোপ-সহ নানা প্রজাতির বিষধর প্রাণীর আনাগোনা রয়েছে। বেশ কয়েকবছর আগে এখানকার বাসিন্দাদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য এই স্কুলটি তৈরি করেছিল কুমপারলিং কালচারাল এডুকেশন সোসাইটি।
এক নজরে
FAQ
সাপের কামড়ে মৃত্যুর ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে?
ঘটনাটি মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার জপটলাই গ্রামের একটি আবাসিক বেসরকারি স্কুলের হস্টেলে ঘটেছে।
ঘটনাটি কীভাবে এবং কখন ঘটে?
রবিবার রাত আড়াইটে নাগাদ ছাত্রীরা যখন হস্টেলের একটি ঘরে ঘুমোচ্ছিল, সেই সময় একটি বিষধর সাপ ঘরে ঢুকে যায় এবং ঘুমন্ত অবস্থায় ছ'জন ছাত্রীকে কামড়ে দেয়।
এই ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে এবং কারা আহত?
এই ঘটনায় তিন জন ছাত্রীর মৃত্যু হয়েছে— দীপিকা লাকড়া, সুস্মিতা মণ্ডল ও অনু করেটি। এছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সম্রুদ্ধি নৈতাম, দীপিকা মাধবী এবং কবিতা কিরঙ্গা নামে আরও তিন ছাত্রী।
স্কুল ও হস্টেলটি কারা পরিচালনা করে?
এই স্কুল এবং হস্টেলটি 'কুমপারলিং কালচারাল এডুকেশন সোসাইটি' দ্বারা পরিচালিত হয়, যা মূলত এলাকার উপজাতি সম্প্রদায়ের মানুষের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য তৈরি করা হয়েছিল।
প্রশাসন এই বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে?
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অসুস্থ তিন ছাত্রীর জন্য সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং হস্টেলের ভিতর কীভাবে সাপ ঢুকল তার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। সাপটি কোন প্রজাতির ছিল, সেটিও চিহ্নিত করার চেষ্টা চলছে।