• সংসদীয় স্থায়ী কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
    এই সময় | ১০ আগস্ট ২০২৬
  • তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তিন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইককে রাজ্যসভার তিনটি সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য মনোনীত করা হলো। ৬ অগস্ট রাজ্যসভার চেয়ারম্যানের অনুমোদনে এই মনোনয়ন দেওয়া হয়েছে। তিন জনই এক সময়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। রাজ্যে পালাবদলের পরে তৃণমূলের সাংসদ পদ ছাড়েন। পরে শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ দেন। ফের বিজেপির তরফে মনোনীত করে তাঁদের রাজ্যসভায় পাঠানো হয়। এ বার সংসদীয় স্থায়ী কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে তিন জনই।

    জলসম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য করা হয়েছে সুস্মিতা দেবকে। পার্সোনেল, পাবলিক গ্রিভান্সেস, আইন ও বিচার বিষয়ক কমিটিতে জায়গা পেয়েছেন সুখেন্দুশেখর রায়। আর কনজ়িউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন বিষয়ক কমিটিতে মনোনীত হয়েছেন প্রকাশচিক বরাইক।

    সংসদীয় স্থায়ী কমিটিগুলির অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো সংশ্লিষ্ট মন্ত্রক ও দপ্তরের কাজের উপরে সংসদীয় নজরদারি করা। সরকারি নিয়ম অনুযায়ী, এই কমিটিগুলি সংশ্লিষ্ট মন্ত্রক ও দপ্তরের বাজেটের ‘ডিমান্ডস ফর গ্রান্টস’ খতিয়ে দেখে রিপোর্ট দেয়। কোনও বিল সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠানো হলে তা-ও পরীক্ষা করে সংসদে রিপোর্ট পেশ করতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রক বা দপ্তরের বার্ষিক রিপোর্ট এবং সংসদে পেশ করা দীর্ঘমেয়াদি নীতির নথিও পর্যালোচনা করে কমিটি। তবে মন্ত্রক বা দপ্তরের দৈনন্দিন প্রশাসনিক কাজে এই কমিটিগুলি হস্তক্ষেপ করে না।

    ফলে জলসম্পদ, আইন ও বিচার এবং খাদ্য ও গণবণ্টনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সংসদীয় কাজের সঙ্গে এ বার সরাসরি যুক্ত থাকবেন সুস্মিতা, সুখেন্দু ও প্রকাশচিক। তাঁদের নতুন দায়িত্বের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রকগুলির বাজেট, নীতি এবং আইন সংক্রান্ত বিষয় পর্যালোচনার সুযোগ থাকবে।

    এক সময়ে তৃণমূলের হয়ে রাজ্যসভায় প্রতিনিধিত্ব করা এই তিন নেতা রাজ্যে পালাবদলের পরে রাজনৈতিক অবস্থান বদল করেন। শমীক ভট্টাচার্যের হাত ধরে তাঁরা বিজেপিতে যোগ দেন। এ বার সংসদের গুরুত্বপূর্ণ তিনটি স্থায়ী কমিটিতে জায়গা পেলেন তাঁরা।

  • Link to this news (এই সময়)