• দিনের পর দিন বেঙ্গালুরুতে কাজ! গভীর রাতে বাংলাদেশে ফেরার চেষ্টা করতেই কীর্তি ফাঁস ৩ বাংলাদেশির
    প্রতিদিন | ১০ আগস্ট ২০২৬
  • পরিযায়ী শ্রমিকের কাজ করে বাংলাদেশে ফেরার সময় পুলিশের হাতে পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী। তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে রানিতলা থানার পুলিশ। জানা যাচ্ছে, রাতের অন্ধকারে ওই তিন বাংলাদেশি সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল। সেই সময় তাঁদের পাকড়াও করে থানায় নিয়ে যায় পুলিশ। রানিতলা থানার খরিবোনা সীমান্ত এলাকায় হাতেনাতে ধরা হয় ওই তিনজন। আটক তিনজনকে হোল্ডিং সেন্টারে রেখে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ভারতে দিনের পর দিন কি করছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

    পুলিশ সূত্রে খবর, আটক ওই তিনজন কোনও বৈধ নথিপত্র ছাড়াই সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছিল কয়েক মাস আগে। বেঙ্গালুরুতে করেছেন পরিযায়ী শ্রমিকের কাজ। সেই শ্রমিকের কাজ সেরে ফেরার পথেই পাকড়াও করা হয়। পুলিশের হাতে আটক তিন অনুপ্রবেশকারীর নাম মোঃ আনোয়ার হোসেন, মিঠুন শেখ ও রিপন আলি। তিনজনই বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আপাতত ওই তিনজনকে লালগোলার হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই সীমান্তের ওপারে পুশব্যাক!

    এদিকে লালগোলা হোল্ডিং সেন্টার থেকে প্রায় ৭০ জন অনুপ্রবেশকারীকে ইতিমধ্যে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে। ৭০ জনকে ডিপোর্ট করার পর ওই সেন্টারে ঠাঁই হয়েছে আরও ২৩ জন অনুপ্রবেশকারীর। জানা গিয়েছে, লালগোলার হোল্ডিং সেন্টারে নতুন করে এই তিনজনকে পাঠানো হলে মোট অনুপ্রবেশকারীর সংখ্যা দাঁড়াল ২৬ জন। অন্যদিকে, সুতির হোল্ডিং সেন্টার থেকে প্রায় ৩০ জনকে ডিপোর্ট করা হয়েছে। জেলা প্রশাসনের এক কর্তা বললেন, ”প্রায় শতাধিক অনুপ্রবেশকারীকে ডিপোর্ট করা হয়েছে।” বলে রাখা প্রয়োজন, পরিবর্তনের বাংলায় অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, অনুপ্রবেশকারীদের সরাসরি বাংলাদেশে ডিপোর্টের নির্দেশও দেওয়া হয়।
  • Link to this news (প্রতিদিন)