• হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন, চাওয়া হচ্ছে টাকা! পুলিশের দ্বারস্থ বিজেপি বিধায়ক
    প্রতিদিন | ১০ আগস্ট ২০২৬
  • ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক! তাঁর নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চেয়ে মেসেজ পাঠানো হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, একাধিক জনকে হুমকি দেওয়া হচ্ছে! পাশাপাশি দেখা করার প্রস্তাবও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ঘটনা সামনে আসায় বিজেপির বিভিন্ন মহলে শোরগোল ছড়িয়েছে। বিষয়টি জানতে পেরে কালবিলম্ব না করে থানায় অভিযোগ জানিয়েছেন বিজেপি বিধায়ক।

    জানা গিয়েছে, অতি সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডাকে এক ব্যক্তি ফোন করেছিলেন। ডায়মন্ড হারবারের নাইয়াপাড়ার ওই বাসিন্দা ফোনে জানান, বিধায়কের নাম করে তাঁর কাছে ফোন এসেছিল। বিষয়টি জানার পরেই ডায়মন্ড হারবার থানার পুলিশের দ্বারস্থ হন তিনি। সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখেন। প্রাথমিকভাবে দেখা যায়, বিধায়কের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে!

    একাধিক ব্যক্তিকে বিভিন্ন রকম মেসেজ করা হয়েছে। বিধায়কের নাম করে মেসেজে টাকাও দাবি করা হয়েছে! হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযোগ পেয়েই পুলিশ তদন্ত শুরু করেছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কীভাবে অ্যাকাউন্ট হ্যাক করা হল? সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন। বিজেপি বিধায়কের দাবি, এর আগেও বিধানসভা নির্বাচনের আগে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। এবার হোয়াটসঅ্যাপও হ্যাক করা হয়েছে। শুধু তাই নয়, তাঁর নম্বর থেকে টাকা চেয়ে কোনও মেসেজ, হুমকি এলে সাধারণ মানুষকে সতর্ক থাকা ও ভয় না পেয়ে অভিযোগ জানাতে আবেদন করেছেন।
  • Link to this news (প্রতিদিন)