কেন্দ্রীয় সরকারের ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে প্রথমবার অংশগ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার কলকাতায় একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। সেই শোভাযাত্রায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, রাজ্য সরকারের উদ্যোগে এ বার থেকে প্রতি বছর ‘রাখি বন্ধন’ কর্মসূচিও অনুষ্ঠিত হবে।
এ দিন গোষ্ঠ পাল সরণি থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নর্থ গেট পর্যন্ত জাতীয় পতাকা নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রার সর্বাগ্রে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়করা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ইতিমধ্যেই ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির জন্য রাজ্যে প্রায় ৭৫ লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানের মাঝে শুভেন্দু জানান, রাজ্য সরকারের উদ্যোগে ‘রাখি বন্ধন’ উৎসব চালু হতে চলেছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘এ বার রাখি বন্ধন উৎসব সরকারি ভাবে পালন করা হবে। রাখী বন্ধন উৎসব শুধু ধর্মীয় মাহাত্ম্য নয়, আমাদের সকলের বন্ধনকে আরও সুদৃঢ় করে। আমরা যাতে এই পশ্চিমবঙ্গকে নবনির্মাণ করতে পারি। ভারতসেরা করতে পারি।’
উল্লেখ্য, ২০২২ সাল থেকে কেন্দ্রীয় সরকার প্রতি বছর ৯ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি পালন করে। সেই কর্মসূচিতে এ বার রাজ্য সরকার আনুষ্ঠানিক ভাবে অংশগ্রহণ করেছে। রাজ্যের প্রতিটি নাগরিককে এই কর্মূসচিতে অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। ১৫ অগস্ট রেড রোডের মূল অনুষ্ঠানেও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।