• ‘খাঁটি পেট্রল কি তোমার বাবার বাড়ি থেকে আসবে?’ E20 নিয়ে বিজেপি সাংসদের মন্তব্যে বিতর্ক
    এই সময় | ১১ আগস্ট ২০২৬
  • পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানো বা E20 জ্বালানি নিয়ে দেশে বিতর্কের মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন মধ্যপ্রদেশের রেওয়ার বিজেপি সাংসদ জনার্দন মিশ্র। E20-এর বিরোধিতা করে ‘খাঁটি পেট্রল’ ব্যবহারের দাবিকে কটাক্ষ করে তাঁর প্রশ্ন, ‘খাঁটি পেট্রল কি তোমার বাবার বাড়ি থেকে আসবে?’ তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

    রবিবার রেওয়া বিমানবন্দরে নতুন বিমান পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন জনার্দন মিশ্র। সেখানেই কেন্দ্রের ইথানল মিশ্রণ নীতির পক্ষে সওয়াল করেন তিনি। তাঁর বক্তব্যের মূল যুক্তি—ভারত নিজের প্রয়োজনের মাত্র প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল উৎপাদন করে, বাকি ৮০ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। তাই জ্বালানিতে ইথানল মেশানো দেশের জ্বালানি নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে দাবি করেন তিনি।

    E20 নীতির বিরোধিতাকারীদের উদ্দেশে জনার্দন প্রশ্ন তোলেন, ‘দেশে এমন একটি আন্দোলন চলছে যেখানে দাবি করা হচ্ছে, ইথানল নয়, শুধুমাত্র খাঁটি পেট্রল ব্যবহার করতে হবে। দেশে যখন খাঁটি পেট্রলই নেই, তখন সেটা আসবে কোথা থেকে? তোমার বাবার বাড়ি থেকে?’ তাঁর দাবি, দেশে ব্যবহৃত অপরিশোধিত তেলের প্রায় ৮০ শতাংশ বিদেশ থেকে আনতে হয়। ফলে আন্তর্জাতিক পরিস্থিতি বা যুদ্ধের কারণে তেল সরবরাহে সমস্যা হলে তার সরাসরি প্রভাব ভারতের উপর পড়ে।

    বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির কথাও তুলে ধরেন রেওয়ার বিজেপি সাংসদ। তাঁর দাবি, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে তেল পরিবহণ আরও জটিল হয়ে উঠেছে। হরমুজ প্রণালীর মাধ্যমে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় জাহাজগুলিকে প্রায় ১৮ হাজার কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে আসতে হচ্ছে বলে তিনি দাবি করেন। এই পরিস্থিতিতে ভারতের মতো বিপুল তেল আমদানিনির্ভর দেশের পক্ষে শুধুমাত্র খাঁটি পেট্রলের উপর নির্ভর করা কতটা বাস্তবসম্মত, সেই প্রশ্নই তুলেছেন মিশ্র। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর কথা বলছেন, তখন কেন তাঁর বিরোধিতা করা হচ্ছে—তা তিনি বুঝতে পারছেন না।

    E20-এর পক্ষে যুক্তি দিতে গিয়ে ব্রাজিলের উদাহরণও তুলে ধরেন জনার্দন মিশ্র। বিশ্বের অন্যতম বড় ইথানল উৎপাদক হিসেবে ব্রাজিলের কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে ১০০ শতাংশ ইথানল-নির্ভর গাড়ি দীর্ঘদিন ধরেই চলছে। কিন্তু কোনও অসুবিধা হচ্ছে না। ভারতের ক্ষেত্রেও ইথানল মিশ্রণ নিয়ে অযথা বিরোধিতা করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। অন্যদিকে, বিরোধীদের বক্তব্য, সাধারণ মানুষের গাড়ি ও জ্বালানি ব্যবহারের সমস্যা নিয়ে সাংসদের এমন ভাষা গ্রহণযোগ্য নয়।

    ১. E20 পেট্রল কী?

    E20 হল এমন পেট্রল, যাতে সর্বোচ্চ ২০ শতাংশ ইথানল মেশানো থাকে। ভারতের জ্বালানি নীতির অংশ হিসেবে পেট্রলে ইথানল মিশ্রণের মাত্রা বাড়ানো হচ্ছে।

    ২. E20 নিয়ে বিতর্ক কেন?

    E20 জ্বালানির ব্যবহার নিয়ে গাড়ির কর্মক্ষমতা, মাইলেজ, ইঞ্জিনের দীর্ঘমেয়াদি প্রভাব এবং সাধারণ গ্রাহকদের খরচ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অন্যদিকে সরকার ইথানল মিশ্রণের মাধ্যমে আমদানিনির্ভরতা কমানো ও জ্বালানি নিরাপত্তা বাড়ানোর যুক্তি দিচ্ছে।

    ৩. জনার্দন মিশ্র কী মন্তব্য করেছেন?

    E20-এর বিরোধিতা করে খাঁটি পেট্রল ব্যবহারের দাবিকে কটাক্ষ করে তিনি প্রশ্ন করেন, ‘খাঁটি পেট্রল কি তোমার বাবার বাড়ি থেকে আসবে?’

    ৪. জনার্দন মিশ্র E20-এর পক্ষে কী যুক্তি দিয়েছেন?

    তিনি ভারতের অপরিশোধিত তেল আমদানির উপর নির্ভরতার কথা তুলে ধরেছেন। তাঁর যুক্তি, ইথানল মিশ্রণ বাড়ালে বিদেশ থেকে তেল আমদানির উপর চাপ কমানো এবং জ্বালানি নিরাপত্তা বাড়ানো সম্ভব।

    ৫. ব্রাজিলের উদাহরণ কেন দিয়েছেন বিজেপি সাংসদ?

    ইথানল ব্যবহারের উদাহরণ হিসেবে ব্রাজিলের কথা তুলে ধরে জনার্দন মিশ্র দাবি করেছেন, সেখানে দীর্ঘদিন ধরে ইথানল-নির্ভর গাড়ি চলছে এবং সেই কারণে বড় সমস্যা হয়নি।

    ৬. হরমুজ প্রণালীর প্রসঙ্গ কেন এসেছে?

    পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্নের প্রসঙ্গ তুলে সাংসদ বোঝাতে চেয়েছেন, ভারতের মতো আমদানিনির্ভর দেশের জন্য বিকল্প জ্বালানি উৎস গুরুত্বপূর্ণ।

    ৭. বিরোধীদের আপত্তি কী?

    বিরোধীদের বক্তব্য, সাধারণ মানুষের গাড়ি ও জ্বালানি ব্যবহারের সঙ্গে সরাসরি যুক্ত একটি বিষয়ে সাংসদের এমন কটাক্ষপূর্ণ ভাষা গ্রহণযোগ্য নয়।

  • Link to this news (এই সময়)