• ‘আয়ুষ্মান ভারত’- এ অনিয়ম, ২,৩৫৯ হাসপাতাল তালিকা থেকে বাদ, মোটা টাকা ফাইন
    এই সময় | ১১ আগস্ট ২০২৬
  • কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ স্বাস্থ্যবিমা যোজনা ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প নিয়ে অনিয়মের অভিযোগ। দেশজুড়ে ২,৩৫৯টি হাসপাতালকে প্যানেল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। পাশাপাশি ১,২০০টি হাসপাতালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত হাসপাতালগুলির উপর মোট ৩২৮.৪৯ কোটি টাকার জরিমানা ধার্য করা হয়েছে। কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার।

    ভুয়ো বিলিং, অপ্রয়োজনীয় চিকিৎসা এবং পরিচয় চুরির মতো নানাবিধ অভিযোগ রয়েছে এই হাসপাতালগুলির বিরুদ্ধে। স্বাস্থ্য মন্ত্রক রোগীদের সতর্ক করে জানিয়েছে, যে হাসপাতালগুলিকে বরখাস্ত বা ব্ল্যাক লিস্টেড করা হয়েছে, তারা আপাতত আয়ুষ্মান ভারতের অধীনে বিনামূল্যে চিকিৎসা দিতে পারবে না। ফলে যে কোনও প্যানেলভুক্ত হাসপাতালে ‘ক্যাশলেস’ পরিষেবা নেওয়ার আগে রোগীদের নিশ্চিত হয়ে নেওয়া প্রয়োজন বলে জানানো হয়েছে। ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের নিজস্ব Portal বা সংশ্লিষ্ট রাজ্য স্বাস্থ্য এজেন্সির মাধ্যমে স্ট্যাটাস যাচাই করার কথা জানানো হয়েছে।

    প্যানেলচ্যুত হাসপাতাল: মোট ২,৩৫৯টি

    সাসপেন্ড করা হয়েছে: ১,২০০টি হাসপাতালকে

    মোট জরিমানা: ৩২৮.৪৯ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে

    হাসপাতালগুলির জালিয়াতি ধরতে ‘ন্যাশনাল হেলথ অথরিটি’ (NHA) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং মেশিন লার্নিং (ML) প্রযুক্তির সাহায্য নিয়েছে। অ্যান্টি-ফ্রড মেকানিজমকে আরও জোরদার করা হয়েছে। ন্যাশনাল অ্যান্টি-ফ্রড ইউনিট (NAFU) এই প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয় অ্যালার্ট বা 'অটোমেটেড ট্রিগার' তৈরি করছে। কোনও হাসপাতালে উপভোক্তাদের পরিচয়ের অপব্যবহার, একই ক্লেম-এর পুনরাবৃত্তি বা সন্দেহজনক বিলিং হলেই সঙ্গে সঙ্গে সিস্টেম সংকেত পাঠাচ্ছে। এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত প্রায় ৬৭৬.১৪ কোটি টাকার অপচয় ও ক্ষতি রোধ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

    স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে ৩.৭৫ কোটি নতুন আয়ুষ্মান কার্ড তৈরি হয়েছে। এই মেয়াদে ২.৭৪ কোটি রোগীর বিনামূল্যে চিকিৎসার আবেদন অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের অধীনে রাজ্য স্বাস্থ্য সংস্থাগুলিকে কেন্দ্র সরকার মোট ৮,৪৩৮.২৭ কোটি টাকা প্রদান করেছে। দেশের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি ৩০.৬ লাখ রোগী ভর্তি হয়েছেন উত্তর প্রদেশে, যেখানে কেন্দ্র ১০৪৭.৫৩ কোটি টাকা বরাদ্দ করেছে। বর্তমানে (৮ অগস্ট ২০২৬ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী) দেশজুড়ে মোট ৩৮,৪৩৭টি হাসপাতাল এই প্রকল্পের অধীনে তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ২০,৩৬৩টি সরকারি এবং ১৮,০৭৪টি বেসরকারি হাসপাতাল।

    প্রশ্ন: আয়ুষ্মান ভারতে কতগুলি হাসপাতাল প্যানেলচ্যুত হয়েছে?

    উত্তর: অনিয়মের অভিযোগে মোট ২,৩৫৯টি হাসপাতালকে প্যানেল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    প্রশ্ন: কতগুলি হাসপাতাল সাসপেন্ড করা হয়েছে?

    উত্তর: মোট ১,২০০টি হাসপাতালকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে।

    প্রশ্ন: আয়ুষ্মান ভারতের অভিযুক্ত হাসপাতালগুলির উপর কত জরিমানা হয়েছে?

    উত্তর: মোট ৩২৮.৪৯ কোটি টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

    প্রশ্ন: আয়ুষ্মান ভারতে জালিয়াতি কী ভাবে ধরা হচ্ছে?

    উত্তর: NHA কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং (ML) এবং স্বয়ংক্রিয় অ্যালার্ট ব্যবস্থার মাধ্যমে সন্দেহজনক ক্লেম ও বিলিং চিহ্নিত করছে।

  • Link to this news (এই সময়)