নবান্নে অনুষ্ঠিত হলো রাজ্য সরকার গঠিত সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠক। সোমবারের বৈঠক শেষে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো, কমিশন এখনও কোনও সুপারিশ করেনি। একই সঙ্গে জানানো হলো, কোনও রকম বিভ্রান্তি যাতে না ছড়ায়, তার জন্য পৃথক ওয়েবসাইট চালু করা হবে বলে সোমবারের এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পরে কমিশনের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই একটি পৃথক ওয়েবসাইট চালু করা হবে। ওই ওয়েবসাইটের মাধ্যমে কমিশনের কাজ সংক্রান্ত সমস্ত তথ্য, বিজ্ঞপ্তি, মতামত আহ্বান, তথ্য সংগ্রহ এবং বিভিন্ন স্মারকলিপি গ্রহণের ব্যবস্থা করা হবে। কমিশনের কার্যকলাপ সংক্রান্ত সমস্ত সরকারি তথ্য ওই ওয়েবসাইটেই প্রকাশ করা হবে।
এ দিনের বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে?
রাজ্যের সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠক সোমবার নবান্নে অনুষ্ঠিত হলো। বৈঠকে কমিশনের কার্যপরিধির আওতাভুক্ত বিভিন্ন সরকারি পরিষেবা, আওতাধীন সংস্থা, নিগম এবং সরকারি উদ্যোগের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি কমিশনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রাথমিক রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে।
এখনও কোনও সুপারিশ করেনি কমিশন
কমিশনের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই একটি পৃথক ওয়েবসাইট চালু করা হবে। একই সঙ্গে কমিশন স্পষ্ট জানিয়েছে, সম্প্রতি সামাজিক মাধ্যমে কমিশনের সুপারিশ সংক্রান্ত বিভিন্ন ভুয়ো, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন নথি ছড়িয়ে পড়ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। কমিশনের দাবি, তারা এখনও কাজ শুরু করেছে মাত্র এবং এখনও পর্যন্ত কোনও ধরনের সুপারিশ করেনি।
সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন তথ্য নিয়ে সতর্কবার্তা
কমিশনের পক্ষ থেকে সরকারি কর্মচারী-সহ সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে, কমিশন অনুমোদিত নয় এবং তথ্যভিত্তিক নয় এমন কোনও নথি বা খবরের উপর ভরসা না রাখতে। কেবলমাত্র কমিশনের অনুমোদিত সরকারি সূত্র থেকেই তথ্য গ্রহণ করা উচিত। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের বেতন ও ভাতা নিয়ে সামাজিক মাধ্যমে একাধিক সম্ভাব্য সুপারিশের তালিকা ঘুরছিল। সেই প্রেক্ষিতেই প্রথম বৈঠকের পর কমিশনের এই প্রেস বিজ্ঞপ্তিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।
কারা রয়েছেন কমিশনে?
বেতন-ভাতা, DA ও পেনশন খতিয়ে দেখতে সপ্তম পে কমিশন গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই কমিশনের মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী। সদস্য হিসেবে রয়েছেন সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো ড. পার্থ মুখোপাধ্যায় এবং IIM কলকাতার অর্থনীতির অধ্যাপক ড. পার্থপ্রতিম পাল। কমিশনের মেম্বার সেক্রেটারি পদে রয়েছেন আইএএস দেবীপ্রসাদ করনম।
কী সুপারিশ করবে এই কমিশন?
কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমান বেতন কাঠামো, ডিএ, বিভিন্ন বিশেষ ভাতা, ভ্রমণ ভাতা, পদোন্নতির নীতি, পেনশন ও অন্যান্য সুবিধা খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ করবে। বর্তমান কর্মীদের নতুন বেতন কাঠামোয় প্রাথমিক বেতন নির্ধারণ এবং পেনশনভোগীদের পেনশন সংশোধনের পদ্ধতি নিয়েও মতামত দেবেন এই কমিশন।