• ঝেঁপে বৃষ্টি কলকাতা-সহ শহরতলিতে, জলমগ্ন একাধিক রাস্তা, দুর্ভোগ অফিস ফেরত যাত্রীদের
    এই সময় | ১১ আগস্ট ২০২৬
  • দিনভর ভ্যাপসা গরমের পরেই ঝেঁপে বৃষ্টি কলকাতায়। সোমবার সন্ধ্যা থেকেই কলকাতা ও শহরতলি এলাকায় তুমুল বৃষ্টি হয়। মুষলধারে বৃষ্টির জেরে মুহূর্তের মধ্যে এক ধাক্কায় বেশ কিছুটা তাপমাত্রা নেমে যায়। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।

    শেষ ১৮ দিনে বঙ্গোপসাগরে চতুর্থ বার নিম্নচাপ তৈরি হয়েছে। বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে মঙ্গলবার বিকেলের পরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মাঝেই সোমবার সন্ধ্যার পর থেকে বৃষ্টিতে শহরের একাধিক রাস্তায় জল জমে যায়। স্লো হয় ট্রাফিক। অফিস ফেরত যাত্রীদের অসুবিধার মধ্যে পড়তে হয়। পাইকপাড়া বাজারের আগে দুটো গাড়ি খারাপ হয়ে যায় বলেও খবর। যান চলাচল ব্যাহত হয়েছে যশোহর রোডেও।

    কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, মধ্য কলকাতার একাধিক এলাকায় জল জমে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। স্ট্র্যান্ড রোড, এমজি রোড, আমহার্স্ট স্ট্রিটে জল জমার কারণে ট্রাফিক মুভমেন্ট খুবই স্লো রয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, রাতের দিকে বৃষ্টি একটু কমার কারণে ধীরে ধীরে জল নামতে শুরু করেছে।

    ঘূর্ণাবর্ত আগামী বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি পারে উত্তর বঙ্গোপসাগরে। যার জেরে বুধবার দুপুরের পর থেকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতাতে। বজ্র বিদ্যু-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবারে কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতে।

  • Link to this news (এই সময়)