‘ওকে পথ থেকে সরাও’, প্রেমিকের সঙ্গে স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে থ স্বামী! স্ক্রিনশট নিয়ে দ্বারস্থ পুলিশের
প্রতিদিন | ১১ আগস্ট ২০২৬
তাঁর অনুপস্থিতিতে বাড়িতে আসেন স্ত্রীর প্রেমিক। কেবল তাই নয়, দু’জনে মিলে খুনের ষড়যন্ত্রও করছেন তাঁকে। তিনি স্ত্রীর হোয়াটসঅ্যাপ ও ইনস্টা মেসেজ পড়ে তা জানতে পেরেছেন। এমনই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন তেলেঙ্গানার (Telangana) এক মধ্যবয়সি পুরুষ। তাঁদের দু’টি কন্যাসন্তান আছে বলে পুলিশকে জানিয়েছেন অভিযোগকারী। এদিকে ইতিমধ্যেই পলাতক অভিযুক্ত স্ত্রী ও তাঁর প্রেমিক। সব মিলিয়ে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম গাদে রাজেশ্বর রাও। তেলেঙ্গানার মেহবুবাবাদের এক গ্রামে থাকেন তিনি। ২০১৬ সালে তাঁর সঙ্গে ভবানী নাম্নী এক তরুণীর বিয়ে হয়। ইদানীং স্ত্রী যে কুরিয়ার কর্মী এক যুবকের সঙ্গে প্রেম করছেন, তা নাকি বুঝতে পেরেছেলেন রাজেশ্বর। গত ২৭ জুলাই তিনি স্ত্রীর ফোন চেক করে দেখতে পান প্রেমিক সাইদুলুর কাছে স্ত্রীর মেসেজ, ‘ওকে পথ থেকে সরাতেই হবে।’ সেই সঙ্গেই তাঁদের মধ্যে রীতিমতো আলোচনা চলতে থাকে কীভাবে ঘরে না খুন করে বাইরেই তা করতে হবে। এবং সেটাও এমনভাবে, যাতে তা দুর্ঘটনা বলে চালানো যায়। সব দেখতে পেয়ে কার্যতই বাকরুদ্ধ হয়ে যান রাজেশ্বর। তিনি এরপর ওই চ্যাটের স্ক্রিনশট নিয়ে পুলিশের দ্বারস্থ হন।
পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো ঘটনাই খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত ‘প্রমাণ’ সত্যি না মিথ্যে, দেখা হচ্ছে সেটাও। ইতিমধ্যেই পলাতক অভিযুক্ত স্ত্রী ও তাঁর প্রেমিক। এদিকে রাজেশ্বর তাঁর এবং তাঁর দুই মেয়ের জন্য পুলিশি নিরাপত্তাও চেয়েছেন বলে জানা গিয়েছে।