নবান্নে সপ্তম পে কমিশনের প্রথম বৈঠক, পরামর্শ নিতে ওয়েবসাইট চালুর সিদ্ধান্ত
প্রতিদিন | ১১ আগস্ট ২০২৬
রাজ্য সরকারি কর্মীদের বেতন-সহ অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে এবার পরামর্শ দেওয়া যাবে সপ্তম বেতন কমিশনকে। এর জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। সেখানেই এই মতামত দেওয়ার পাশাপাশি মিলবে কমিশনের কাজকর্মের যাবতীয় তথ্যও। গোটা প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার নিযুক্ত কমিশন।
সোমবার নবান্নে প্রথম বৈঠকে বসে সপ্তম বেতন কমিশনের প্রতিনিধিরা। নবান্ন সূত্রে খবর, কমিশনের ‘টার্মস অফ রেফারেন্স’ অনুযায়ী কর্মীদের বিভিন্ন পরিষেবা এবং বিধিবদ্ধ সংস্থা, নিগম ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রকৃতি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে একপ্রস্থ পর্যালোচনা করেছে কমিশন। কীভাবে গোটা বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া হবে, তার জন্য একটি পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে, তথ্য প্রচার, পরামর্শ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ, তথ্য সংগ্রহ এবং স্মারকলিপি নেওয়ার জন্য ওয়েবসাইট চালু করা হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কমিশনের সুপারিশ সংক্রান্ত নানা ভিত্তিহীন, বিভ্রান্তিকর, যাচাই-না করা ও অননুমোদিত নথি ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে নজরে এসেছে কমিশনের। কমিশন জানিয়েছে, এর ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে স্পষ্ট করা হচ্ছে যে, কমিশন সবেমাত্র কাজ শুরু করেছে এবং এখনও পর্যন্ত কোনও সুপারিশ করা হয়নি।
উল্লেখ্য, দিন কয়েক আগেই সপ্তম পে কমিশন (7th Pay Commission) -এর একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্ন। সেই বিজ্ঞপ্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব। বর্তমানে ৩ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। তা বেড়ে ৫ শতাংশ করা হতে পারে। উত্তরোত্তর মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে নতুন বেতন কাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামোর সঙ্গে রাজ্য় সরকারি কর্মীদের বেতন স্তরের সামঞ্জস্য আনার বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে ৫ সদস্যের পরিবারকে ভিত্তি হিসাবে বিবেচনা করার কথা বলা হয়েছে।