• ছাত্র আন্দোলন নিয়ে সংসদে পূর্ণাঙ্গ আলোচনায় রাজি অমিত শাহ, তবে রয়েছে শর্ত
    বর্তমান | ১১ আগস্ট ২০২৬
  • নয়াদিল্লি, ১০ আগস্ট: অবশেষে সংসদে এসে ছাত্র আন্দোলন নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করবেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এমনটাই আজ স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজজু। একইসঙ্গে বিরোধীদের দাবি মেনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে এসে দিল্লিতে পেলেট গান এবং বিহারের সিওয়ানে আন্দোলনকারীদের লক্ষ্য করে একে-৪৭ বন্দুক ব্যবহার নিয়েও পুঙ্খানুপুঙ্খ জাবাবদিহি করতে পারেন বলেও ইঙ্গিত মিলেছে। তবে বেঁধে দেওয়া হয়েছে শর্ত। সংসদে আলোচনা চলাকালীন বিরোধীরা যেন কোনও ধরনের হাঙ্গামা বা বিশৃঙ্খলা তৈরি না করে সেই আবেদন জানিয়েছেন রিজজু। তাঁর বক্তব্য, সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখার সময় বিরোধীদের তা মন দিয়ে শুনতে হবে।

    সোমবার রিজিজু বলেন, 'সরকারের প্রস্তাব অত্যন্ত স্পষ্ট। ছাত্রদের আন্দোলন এবং তার সঙ্গে সম্পর্কিত সমস্ত কার্যকলাপ নিয়ে পূর্ণাঙ্গ ও বিস্তারিত আলোচনা করতে সরকার প্রস্তুত। তবে আমার একটাই বক্তব্য আলোচনা চলাকালীন বিরোধীরা যেন এমন কোনও পরিস্থিতি তৈরি না করেন, যাতে তাঁর বক্তব্য বাধাগ্রস্ত হয়।' এরই মধ্যে আবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবি, অমিত শাহের এই নিরবতাই প্রমাণ করে যে তিনি ছাত্রদের উপর হামলাকে সমর্থন করেন। তাঁর আরও অভিযোগ, বিরোধীরা প্রতিদিন আলোচনার দাবি জানিয়ে বিভিন্ন প্রস্তাব দিলেও সেগুলি প্রত্যাখ্যান করেছে অমিত শাহ।

    ছাত্রদের উপর পুলিশি অভিযানের প্রসঙ্গ তুলে রাহুল অভিযোগ করেন, দিল্লিতে আন্দোলনরত ছাত্রদের উপর কাঁদানে গ্যাস, পেরেক লাগানো লাঠি দিয়ে মারধর করা হয়েছে এবং পেলেট গান ব্যবহার করা হয়েছে। তাঁর দাবি, বহু ছাত্রছাত্রী এই ঘটনায় আহত হয়েছেন। এছাড়াও মহিলা আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ তুলে রাহুল বলেন, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। নাবালকদেরও মারধর করা হয়েছে এবং তাঁদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি বিহারের বিক্ষোভকারীদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগও তুলেছেন রাহুল গান্ধী। তাঁর দাবি, সেখানে একে-৪৭ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ছাত্রদের উপর গুলি চালানো হয় এবং বহু আন্দোলনকারী গুরুতর আহত হন। 

    এখন সরকারের সংসদে আলোচনায় সম্মতির পর বিরোধীদের মূল দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেন সংসদে উপস্থিত হয়ে ছাত্র আন্দোলন এবং পুলিশের পদক্ষেপ নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। অন্যদিকে সরকার স্পষ্ট করেছে, আলোচনা হবে, তবে সংসদের কার্যক্রমে কোনও ধরনের বাধা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
  • Link to this news (বর্তমান)