অঞ্জনা নদীকে বাঁচাতে অভিনব উদ্যোগ উৎস থেকে মোহনা পর্যন্ত সাইকেল র্যালি
বর্তমান | ১১ আগস্ট ২০২৬
সংবাদদাতা, কৃষ্ণনগর: ক্রমশ অস্তিত্ব সংকটের মুখে পড়া অঞ্জনা নদীকে বাঁচাতে এবার অভিনব উদ্যোগ নিল একাধিক পরিবেশপ্রেমী সংগঠন। নদী ও জলাশয় রক্ষার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উৎস থেকে মোহনা পর্যন্ত দীর্ঘ সাইকেল র্যালির আয়োজন হয়। রবিবার সকালে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে শুরু হয় এই বিশেষ সাইকেল র্যালি। প্রায় ৩০ জন অংশগ্রহণ করেন।
এই উদ্যোগে শামিল হয় নদীয়া বাইসাইকেল সোসাইটি, সেভ জলঙ্গী, অঞ্জনা নদী বাঁচাও কমিটি এবং রিভার রিকভারি মুভমেন্ট। সাইকেল আরোহীরা অঞ্জনা নদীর উৎসের খুব কাছাকাছি পৌঁছে সেখান থেকে নদীর পাড় ধরে দীর্ঘ পথ অতিক্রম করে এগিয়ে যান। কৃষ্ণনগর, দোগাছি, জালালখালি, বাদকুল্লা-সহ বিভিন্ন এলাকার পথ পেরিয়ে প্রায় ৩০ কিলোমিটারেরও বেশি রাস্তা অতিক্রম করে শেষ পর্যন্ত অঞ্জনা নদীর মোহনায় গিয়ে র্যালি শেষ হয়।
সংগঠনগুলির তরফ থেকে জানানো হয়েছে, র্যালির মূল উদ্দেশ্য ছিল অঞ্জনা নদী-সহ জেলার সব নদী ও জলাশয়কে রক্ষার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। দীর্ঘদিন ধরে দূষণ, দখল, আবর্জনা ফেলা, নাব্যতা কমে যাওয়া এবং নানা কারণে নদীগুলি তাদের স্বাভাবিক অস্তিত্ব হারাচ্ছে। ফলে শুধু প্রশাসনের উদ্যোগই নয়, নদীকে বাঁচাতে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। এই বার্তাই এদিনের সাইকেল র্যালির মাধ্যমে তুলে ধরা হয়। নদীয়া বাইসাইকেল সোসাইটির সদস্য সঞ্জয় রাহা বলেন, আমরা খুব সকাল থেকেই নদী বাঁচানোর বার্তা পৌঁছে দিতে সাইকেল র্যালি শুরু করেছিলাম। ভোটের আগে প্রধানমন্ত্রী অঞ্জনা এবং জলঙ্গী নদী রক্ষার কথা বলে গিয়েছিলেন। আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারকে সেই বার্তা পৌঁছে দিয়ে প্রতিশ্রুতি পালনের কথা বলতে চাই।
উৎস থেকে মোহনা পর্যন্ত সাইকেল র্যালি। -নিজস্ব চিত্র