পদত্যাগের জন্য চাপ, পঞ্চায়েত প্রধান, সদস্যের বাড়িতে ভাঙচুর
বর্তমান | ১১ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রধানের পদ থেকে পদত্যাগ না দেওয়ায় জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। একই রাতে পঞ্চায়েতের এক সদস্যের বাড়িতেও হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ মহম্মদ নিজামুদ্দিনের অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পদত্যাগের জন্য তাঁকে চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল। শনিবার গভীর রাতে জনা কয়েক দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তাঁর বাড়িতে চড়াও হয়। প্রথমে বাড়ির বাইরে থাকা সিসি ক্যামেরা ভাঙা হয়। এরপর বাঁশ ও লাঠি দিয়ে দরজা-জানালায় আঘাত করার পাশাপাশি বাড়ি ও গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। সেই সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় পরিবারের মহিলাদের গালিগালাজ করা হয় এবং প্রধান ইস্তফা না দিলে ফের হামলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। একইভাবে তৃণমূলের পঞ্চায়েত সদস্য আলি হোসেন মল্লিকের বাড়িতেও হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। আক্রান্ত পরিবারের দাবি, নির্বাচনের পর থেকেই প্রধান সহ পরিবারের পুরুষ সদস্যরা ঘরছাড়া। তাঁদের অভিযোগ, সিপিএম ও আইএসএফ যৌথভাবে এই হামলা চালিয়েছে।
যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। তাদের দাবি, দলের কোনো কর্মী এই ঘটনায় যুক্ত নয়। ‘কাকে প্রধান করা হবে’, তা নিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের জেরেই হামলা হয়েছে বলে পালটা দাবি তাদের। একই দাবি বিজেপিরও। পরপর দু’টি বাড়িতে হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।