• বিশেষভাবে সক্ষমদের সচেতন করতে হাওড়া গ্রামীণে উদ্যোগ
    বর্তমান | ১১ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: সড়ক দুর্ঘটনা কমাতে ৩ থেকে ৯ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। এবার বিশেষভাবে সক্ষমদের এই ব্যাপারে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। বুধবার উলুবেড়িয়ার জগৎপুর আনন্দ ভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলে এই ব্যাপারে পড়ুয়াদের সচেতন করেন জেলার পুলিশ অফিসাররা। দৃষ্টিহীন ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা রাস্তায় বের হলে কী কী বিষয়ে তাদের সচেতন থাকা দরকার এবং রাস্তায় বের হওয়ার পর যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে কীভাবে পুলিশের সাহায্য পাওয়া যাবে, সেই ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা করেন তাঁরা।

    যেহেতু পড়ুয়ারা বিশেষভাবে সক্ষম, সেই কারণে স্কুলের শিক্ষকরা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পড়ুয়াদের বুঝিয়ে দেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় দাস পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, পথ নিরাপত্তার বিভিন্ন বিষয় বিশেষভাবে সক্ষমদের জানা অত্যন্ত জরুরি। কারণ তাঁরা আর পাঁচটা মানুষের মত স্বচ্ছন্দে রাস্তায় চলাফেরা করতে পারেন না। ১৬ নম্বর জাতীয় সড়কের বেলতলায় রাস্তা পার হয়ে অনেককে স্কুলে আসতে হয়। তাই বিশেষভাবে সক্ষমদের রাস্তা পার হওয়ার সময় বিশেষ নজর দেওয়ার আবেদন করা হয়েছে। বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিরা রাস্তা পার হওয়ার সময়ে সাইরেন বাজানোর আবেদন জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার এসডিপিও ঈশান সিনহা, সার্কেল ইনসপেক্টর প্রতীক বসু প্রমুখ। এই উপলক্ষ্যে বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেয় স্কুলের বিশেষভাবে 

    সক্ষম পড়ুয়ারা। 
  • Link to this news (বর্তমান)