অভয়ার বিচার: চিকিত্সকদের কর্মসূচিতে বিভাজন, পরিবার থাকল মুখ্যমন্ত্রীর সঙ্গে
বর্তমান | ১১ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা, বরানগর ও হাওড়া: দুবছর অতিক্রান্ত অভয়া কাণ্ডের। রবিবার বিকেলে ফের পথে নামলেন চিকিত্সকরা এবং নাগরিক সমাজ। তবে দুবছর আগের মতো ভিড় দেখা গেল না। বিক্ষোভ-মিছিলে যোগ দিতে আসা অনেকেই বললেন, ‘দুটো আলাদা মিছিল করার কী দরকার ছিল!’ জুনিয়র ডক্টরর্স ফ্রন্ট এদিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে। ধর্মতলাতেই বিক্ষোভ সমাবেশ করে অভয়া মঞ্চ। আবার শ্যামবাজারে মশাল মিছিল করেন আর জি করের পড়ুয়ারা। এবছর আবার রাজ্য সরকারও বিজ্ঞপ্তি দিয়ে এই দিনটি পালন করল। অভয়ার মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ লোকসংস্কৃতি ভবনে স্মরণসভায় যোগ দেন। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
জুনিয়র ডাক্তারদের মিছিলে দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়াদের দেখা গিয়েছে। সঙ্গে সুবর্ণ গোস্বামী, মানস গুমটারা ছিলেন। অভয়া মঞ্চের অনুষ্ঠানে সিপিএমের শমীক লাহিড়ীকে দেখা গিয়েছে। অভয়া মঞ্চের অভিযোগ, পুলিশ প্রথমে ধর্মতলায় মঞ্চ বাঁধতে দেয়নি। চেয়ার পাততেও বাধা দেওয়া হয়। যদিও পরে চেয়ার পাতার অনুমতি মেলে। দেবাশিস বলেন, ‘বিচার এখনো পাওয়া যায়নি বলেই রাস্তায় থাকতে হচ্ছে। পালাবদলের পর দেখা যাচ্ছে, ভালো তৃণমূলের নাম করে আগের আমলের লোকজন বিজেপিতে চলে যাচ্ছে।’
আর জি কর থেকে অনিকেত মাহাত বলেন, ‘তথ্য-প্রমাণ লোপাট নিয়ে দুবছর পরেও সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায়! অপরাধে একাধিক ব্যক্তি জড়িত থাকার বিষয়টি নিয়ে তদন্তের অগ্রগতি নেই। নতুন সরকার এসে তিন আইপিএসকে সাসপেন্ড করল। কিন্তু তার কোনো প্রাথমিক রিপোর্ট নেই। বিচারের আশা নেই পালাবদলের পরেও!’
নারায়ণস্বরূপ নিগম এখনো স্বাস্থ্যসচিব কেন—সেই গুরুতর প্রশ্নও তোলেন আন্দোলনকারীরা। শ্মশানঘাটে বেনিয়ম নিয়ে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দে ও সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন করে কেস করার নির্দেশ দেন শুভেন্দু। পানিহাটি থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘রত্না দেবনাথ ঘটনার পুনর্তদন্তের জন্য আমাকে চিঠি দিয়েছেন। যেহেতু হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশে ‘কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত’ চলছে, তাই আমি মুখ্যসচিব এবং সব বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেছি। ১৯৫২ সালের স্পেশাল কমিশন অ্যাক্টের আওতায় তাঁর চিঠির প্রেক্ষিতে ঘটনার পুনর্তদন্তের ঘোষণা আজ করে গেলাম।’
অন্যদিকে, রবিবার সকাল ১১টা থেকে ১১টা ২ মিনিট পর্যন্ত—অভয়ার স্মৃতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আওতাভুক্ত সকল প্রতিষ্ঠানে নীরবতা পালন করার জন্য স্বাস্থ্যভবন নোটিস দিয়েছিল। রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে সেই নোটিস মেনে নীরবতা পালন করা হয়। এদিকে, হাওড়ায় একটি জনসভা থেকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, অভয়ার পরিবার এখনো বিচার না-পাওয়ার ব্যাপারে তৃণমূল ও বিজেপি উভয় সরকারই দায়ী। তদন্ত দ্রুত শেষ করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।