• ১১৭ সেকেন্ডেই ঘটনাস্থলে পৌঁছচ্ছে টিম, দাবি আর জি কর কর্তৃপক্ষের
    বর্তমান | ১১ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১১৭ সেকেণ্ডে ঘটনাস্থলে! কোনো ঘটনার আভাস পেলে গড়ে মাত্র ২ মিনিটের মধ্যেই সেই জায়গায় পৌঁছচ্ছে কিউআরটি বা কুইক রেসপন্স টিম। আর জি কর হাসপাতালের নিরাপত্তা বাড়াতে এই কিউআরটি সহ বিভিন্ন ব্য‌বস্থা গ্রহণের পরামর্শে দেয় সিআইএসএফ। সেই অনুযায়ী বডি ক্যাম, প্যানিক বাটন ও কিউআরটি—এই তিন ব্যবস্থা চালু করে হাসপাতাল। প্যানিক বাটন টিপলে বা হাসপাতালের টাঙানো পদাধিকারীদের নম্বরে ফোন করে জানালে বা বডি ক্যামেরায় কোনো বচসা ধরা পড়লে খবর পৌঁছে যাবে কিউআরটির কাছে। অভয়া কাণ্ডের পর নিরাপত্তা বাড়াতে এই ব্যবস্থা করে আর জি কর। সেই ব্যবস্থা কতটা কাজের, তা পরীক্ষা করা হয়েছিল। দেখা যাচ্ছে, গড়ে ১১৭-১১৮ সেকেন্ডে অকুস্থলে পৌঁছাচ্ছে কিউআরটি। সুপার তথা উপাধ্যক্ষ ডাঃ সপ্তর্ষি চট্টোপাধ্যায় দাবি করেন, ‘হাসপাতালে কোনো ঝামেলায় ৩ মিনিটের মধ্যে সিআইএসএফ, পুলিশ, বেসরকারি নিরাপত্তাকর্মী, সহকারী সুপারদের নিয়ে গঠিত কিউআরটি যাতে পৌঁছায়, সেই লক্ষ্য নেওয়া হয়। পরীক্ষা করে আমরা দেখছি, গড়ে ১১৭-১১৮ সেকেন্ডে পৌঁছাচ্ছে কিউআরটি।’ যদিও কর্মী-চিকিৎসকদের একাংশের মতে, পালে যখন সত্যিই বাঘ পড়বে, তখন টিম কত দ্রুত পৌঁছাবে, সেটাই দেখার। 
  • Link to this news (বর্তমান)