• ফের নিম্নচাপ রাজ্যের উপকূলে
    বর্তমান | ১১ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি রবিবার মধ্যপ্রদেশের উপর সরে গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাব রাজ্যের উপর নেই। এখন রাজ্যের উপর নেই মৌসুমি অক্ষরেখার অবস্থানও। তাই আপাতত আগামী দু-তিনদিন রাজ্যের কোনো জেলার জন্যই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। তবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে কোথাও কোথাও বজ্রপাতসহ বৃষ্টি ও তার সঙ্গে জোরালো হাওয়া বইতে পারে। রবিবার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়। এদিকে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১৩ আগস্ট নাগাদ একটি ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে ১২-১৪ আগস্ট দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
  • Link to this news (বর্তমান)