বেহাল নদীবাঁধ, আতঙ্কে সাগরের একাধিক গ্রামের বাসিন্দা
বর্তমান | ১১ আগস্ট ২০২৬
সংবাদদাতা, কাকদ্বীপ: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা নদীবাঁধের। আতঙ্কে দিন কাটছে সাগরের মুড়িগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মুড়িগঙ্গা ও শিলপাড়া এলাকার বাসিন্দাদের। ভরা কটালের সময় এখানে নতুন করে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষত এই বর্ষাকালে। ভাদ্র মাসে রয়েছে ষাঁড়াষাঁড়ির কটাল। সেই সময় নদীর বাঁধ উপচে অথবা ভেঙে গিয়ে পুরো গ্রাম নোনা জলে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীবাঁধের স্থায়ী সংস্কারের দাবি জানানো হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। যে কারণে প্রায় প্রতি বছর কটালের সময় বাঁধ ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা নোনা জলে প্লাবিত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় চাষের জমি, বসতবাড়ি ও পুকুর। এই পরিস্থিতিতে গ্রামবাসীদের দাবি, শীঘ্রই নদীবাঁধ মেরামত করতে হবে। নাহলে আগামী দিনে বড়ো ধরনের বিপর্যয় ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দা বিমলা পাত্র বলেন, ‘বর্ষাকাল এলেই বাসিন্দাদের আতঙ্কে দিন কাটাতে হয়। প্রায় প্রতিবছর এখানে নদীবাঁধ ভেঙে গিয়ে পুরো গ্রাম নোনা জলে প্লাবিত হয়ে যায়। এ বছরও বাঁধের পরিস্থিতি খুবই খারাপ। নিজেরাই বাজার থেকে পলিথিন কিনে নিয়ে এসে বাঁধের উপরে ঢাকা দিয়েছি। বাঁধের মাটি যাতে নদী গর্ভে তলিয়ে না যায়। বিষয়টি বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খোঁজ নিয়ে দেখা হবে। বাঁধের পরিস্থিতি খারাপ হলে, নিশ্চিত মেরামত করা হবে। নিজস্ব চিত্র