স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী আসবেন সুন্দরবনে? চলছে জোর জল্পনা
বর্তমান | ১১ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, বারুইপুর: ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসে কি সুন্দরবনের কোনো দ্বীপে পতাকা উত্তোলন করতে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও নবান্ন থেকে চূড়ান্ত কোনো সফরসূচি অথবা সিদ্ধান্ত জানানো হয়নি এখনো। কিন্তু বারুইপুর পুলিশ জেলায় মুখ্যমন্ত্রী আসছেন ধরে নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন হল, যদি আসেন তাহলে সুন্দরবনের কোথায় যাবেন মুখ্যমন্ত্রী? গোসাবা অথবা বাসন্তীর ঝড়খালি যাওয়া নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে। কিন্তু কোনো মহল থেকেই নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না।
তবে পুলিশের একটি সূত্র বলছে, হেলিকপ্টারে করে ঝড়খালিতে আসার কথা রয়েছে তাঁর। তার জন্য হেলিপ্যাড হবে সেখানে। এরপর নদীপথে নেতিধোপানি বা দোবাকি জঙ্গল সংলগ্ন একটি জনবসতিহীন দ্বীপে যেতে পারেন। সেখানে পতাকা উত্তোলন করার পরিকল্পনা রয়েছে তাঁর। পুলিশের পক্ষ থেকে সব জায়গাই খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণ সহ বিভিন্ন দিকগুলিও ভালো করে খোঁজখবর করছেন পুলিশের শীর্ষকর্তারা। মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে সব মহলের কাছেই অসমর্থিত খবর রয়েছে বলে জানা গিয়েছে। গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কর বলেন, আমরাও মুখ্যমন্ত্রীর আসার কথা শুনেছি। সেই মতো প্রস্তুতিও শুরু হয়েছে। যদিও এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। মুখ্যমন্ত্রীর যে কোনো জায়গায় সফরের আগে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের সংশ্লিষ্ট জায়গা নিয়ে বৈঠক করা থেকে শুরু করে অন্যান্য বিষয় খতিয়ে দেখা হয়। আপাতত এই নিয়ে এখনো সেরকম কোনো কিছু দেখা যায়নি। তবে বারুইপুর পুলিশ জেলা থেকে পদস্থ আধিকারিকরা ঘুরে দেখছেন বিভিন্ন জায়গা।