গোবরডাঙায় বেআইনিভাবে এলপিজি রিফিলিং, সাংবাদিককে মারধরে ধৃত ১
বর্তমান | ১১ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বেআইনিভাবে এলপিজি রিফিলিং হচ্ছে। এমন অভিযোগের খবর করতে গিয়ে প্রহৃত হলেন এক সাংবাদিক। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুধীর কুণ্ডু।
গোবরডাঙা থানার জানাপুল এলাকার ঘটনা। অভিযোগ, শনিবার ছোট বাণিজ্যিক সিলিন্ডার থেকে বড় সিলিন্ডারে গ্যাস রিফিল করা হচ্ছিল। সেই খবর পেয়ে ঘটনাস্থলে যান ওই সাংবাদিক। সরকারি নিয়ম, নিরাপত্তা ব্যবস্থা এবং লাইসেন্স সংক্রান্ত বিষয়ে জানতে চান তিনি। রিফিলিংয়ের দৃশ্য ক্যামেরাবন্দিও করেন। অভিযোগ, তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন এজেন্সির মালিকের স্বামী সুধীর। বচসার মধ্যে সাংবাদিকের মুখে ঘুসি মারা হয় বলে অভিযোগ। এরপরে ওই সাংবাদিক রাস্তায় বেরিয়ে পালানোর চেষ্টা করেন। তখন তাঁকে ফের তাড়া করে মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় ওই সাংবাদিককে হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গোবরডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতেই সুধীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সুধীর। তাঁর দাবি, তিনি শুধু ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন।