• বিয়ের অনুষ্ঠানে পাশাপাশি মোদী-পাওয়ার, ডিলিমিটেশন বিল নিয়ে কথা? তুঙ্গে জল্পনা
    এই সময় | ১১ আগস্ট ২০২৬
  • সোফায় বসে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ঠিক পাশেই বসে এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ার। নিমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানানোর পাশাপাশি নিজেদের মধ্যে কথা বলছেন তাঁরা। সোমবার শরদ পাওয়ারের নাতনি এবং সুপ্রিয়া সুলের মেয়ে রেবতী সুলের বিয়ের রিসেপশনের অনুষ্ঠানের এই ছবি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। তা হলে কি ডিলিমিটেশন বিলে সমর্থন নিয়ে কথা হলো?

    গত ২০ জুন শিল্পপতি সারং লখানীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন রেবতী। এ দিন মুম্বইয়ে তাঁদের রিসেপসনের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন মোদী। শরদ পাওয়ার বিরোধী জোটে থাকলেও গত কয়েক মাসে একাধিক বার মোদীর সঙ্গে বৈঠক করেছেন। তাঁর সঙ্গে ছিলেন সুপ্রিয়াও। এ দিন নাতনির রিসেপশনে তাঁদের এক ফ্রেমে দেখার পর থেকেই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

    জল্পনার নেপথ্যে রয়েছে লোকসভার আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল। গত ১৭ এপ্রিল বিলটি লোকসভায় পেশ করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় পাশ করাতে পারেনি। এর পর থেকেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বিভিন্ন দলের সাংসদদের নিজেদের দিকে আনার চেষ্টা চালাচ্ছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে।

    সূত্রের দাবি, শর্তসাপেক্ষে কেন্দ্রের ডিলিমিটেশন বিলকে সমর্থন করতে পারে শরদ পাওয়ারের দল। সে ক্ষেত্রে ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলির বিরুদ্ধে হাঁটতেও পিছপা হবে না তারা। তবে সুপ্রিয়া সুলে জানিয়েছেন, চূড়ান্ত বিল সামনে আসার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তাঁর আগের একটি মন্তব্যও মনে করিয়ে দিচ্ছেন রাজনৈতিক মহলের একাংশ। সেই সময়ে তিনি জানিয়েছিলেন, সব রাজ্যে লোকসভার আসন সমান ভাবে ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব এবং কী ভাবে সেই সম্প্রসারণ হবে, স্পষ্ট ভাবে জানালে এনসিপি বিল সমর্থনের কথা ভেবে দেখতে পারে।

    গত ২২ জুলাই দিল্লিতে মোদীর সঙ্গে দেখা করেছিলেন শরদ পাওয়ার এবং সুপ্রিয়া। সেটাও ডিলিমিটেশন বিল পেশের পরে। তবে কী নিয়ে তাঁদের আলোচনা হয়েছিল, তা জানা যায়নি। তাই রেবতীর বিয়ের রিসেপশনে মোদী-পাওয়ারকে পাশাপাশি দেখে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা ছড়িয়েছে। তবে এখনও পর্যন্ত এটা নিছকই বিয়ের অনুষ্ঠানের ছবি। নেপথ্যের রাজনীতি ডিলিমিটেশন বিল পেশের পরেই বোঝা যাবে বলে মনে করেন ওয়াকিবহাল মহলের একাংশ।

    প্রশ্ন: কার বিয়ের রিসেপশনে মোদী ও শরদ পাওয়ারকে দেখা গিয়েছে?

    উত্তর: সুপ্রিয়া সুলের মেয়ে এবং শরদ পাওয়ারের নাতনি রেবতী সুলের বিয়ের রিসেপশনে তাঁদের একসঙ্গে দেখা যায়।

    প্রশ্ন: রেবতী সুলের বিয়ে কবে হয়েছিল?

    উত্তর: ২০ জুন শিল্পপতি সারং লখানীর সঙ্গে রেবতী সুলের বিয়ে হয়।

    প্রশ্ন: রেবতীর রিসেপশন কোথায় হয়েছিল?

    উত্তর: সোমবার মুম্বইয়ে রেবতীর বিয়ের রিসেপশনের আয়োজন করা হয়েছিল।

    প্রশ্ন: মোদী ও শরদ পাওয়ারের পাশাপাশি বসার সঙ্গে ডিলিমিটেশনের কী সম্পর্ক?

    উত্তর: এনসিপি (এসপি) ডিলিমিটেশন বিলকে শর্তসাপেক্ষে সমর্থন করতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে। সেই প্রেক্ষাপটেই মোদী-পাওয়ারের সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    প্রশ্ন: ডিলিমিটেশন বিল নিয়ে সুপ্রিয়া সুলের অবস্থান কী?

    উত্তর: চূড়ান্ত বিল সামনে আসার পরই দল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সুপ্রিয়া সুলে। তিনি আগে জানিয়েছিলেন, সব রাজ্যে লোকসভার আসন ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব স্পষ্ট হলে দল বিলটি সমর্থনের কথা ভাবতে পারে।

    প্রশ্ন: মোদীর সঙ্গে শরদ পাওয়ারের সাম্প্রতিক বৈঠক কবে হয়েছিল?

    উত্তর: ২২ জুলাই দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলে বৈঠক করেছিলেন।

  • Link to this news (এই সময়)