• সব্যসাচী দত্ত ও তাঁর ঘনিষ্ঠদের ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, বাজেয়াপ্ত কয়েক হাজার ডলার, বিদেশি মুদ্রা
    এই সময় | ১১ আগস্ট ২০২৬
  • প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, সব্যসাচী ও তাঁর সহযোগীদের নামে থাকা প্রায় ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ডিম্যাট অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ৯ অগস্ট পর্যন্ত ওই অ্যাকাউন্টগুলিতে ১৩.৯ কোটি টাকা ব্যালেন্স ছিল দাবি ইডি-র।

    তদন্তকারী আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, গত ৩১ জুলাই কলকাতা ও গুরুগ্রাম মিলিয়ে মোট ১৫টি জায়গায় তল্লাশি চালায় ইডি। সব্যসাচী এবং তাঁর ঘনিষ্ঠদের বাড়িতেও চলে অভিযান। ইডির দাবি, সেই তল্লাশিতে নগদ ৪০.৫০ লক্ষ টাকা উদ্ধার হয়। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় ১৭,২০০ আমেরিকান ডলার-সহ বিদেশি মুদ্রাও।

    বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়েছে বলে দাবি ইডি আধিকারিকদের। এর মধ্যে রয়েছে খাতা, লেজ়ার, বিভিন্ন কাগজপত্র এবং ডিজিটাল ডিভাইস। ইডির দাবি, তোলাবাজির টাকা বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে ঘোরানো হয়েছিল। পরে তা জমি-বাড়ি-সহ বিভিন্ন স্থাবর এবং অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করা হয়। কোন অ্যাকাউন্ট থেকে কোথায় টাকা গিয়েছে, সেই লেনদেনের খুঁটিনাটিও খতিয়ে দেখা হচ্ছে।

    কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা এল, এখন সেটাই তদন্ত করে দেখছে ইডি। কী ভাবে একাধিক অ্যাকাউন্ট ও সংস্থার মাধ্যমে তা ঘোরানো হলো এবং শেষ পর্যন্ত কোথায় বিনিয়োগ করা হলো, তারও সন্ধান চালাচ্ছেন তদন্তকারীরা। তবে তোলাবাজি থেকেই অভিযুক্তরা এই বিপুল টাকা পেয়েছিলেন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

    গত ৮ জুন তোলাবাজির অভিযোগে সব্যসাচীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। নিউটাউনে নিজের ফ্ল্যাট থেকে প্রথমে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ম্যারাথন জিজ্ঞাসাবাদের শেষে গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাঁকে বারাসত কেন্দ্রের প্রার্থী করেছিল তৃণমূল।

    প্রশ্ন: সব্যসাচী দত্তের বিরুদ্ধে ইডি কী পদক্ষেপ করেছে?

    উত্তর: সব্যসাচী দত্ত ও তাঁর ঘনিষ্ঠদের নামে থাকা প্রায় ১৫টি ব্যাঙ্ক ও ডিম্যাট অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি।

    প্রশ্ন: ওই অ্যাকাউন্টগুলিতে কত টাকা ছিল?

    উত্তর: ইডির দাবি, ৯ অগস্ট পর্যন্ত অ্যাকাউন্টগুলিতে মোট ১৩.৯ কোটি টাকা ব্যালেন্স ছিল।

    প্রশ্ন: ইডির তল্লাশিতে কী উদ্ধার হয়েছে?

    উত্তর: ৪০.৫০ লক্ষ টাকা নগদ, ১৭,২০০ মার্কিন ডলার-সহ বিদেশি মুদ্রা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল ডিভাইস উদ্ধার হয়েছে বলে দাবি ইডির।

    প্রশ্ন: তোলাবাজির টাকার বিষয়ে কী অভিযোগ ইডির?

    উত্তর: ইডির প্রাথমিক অনুমান, তোলাবাজির টাকা বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে ঘোরানো হয়েছিল। পরে সেই টাকা জমি, বাড়ি-সহ বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করা হয়।

    প্রশ্ন: সব্যসাচী দত্তকে কবে গ্রেফতার করা হয়েছিল?

    উত্তর: তোলাবাজির অভিযোগে গত ৮ জুন নিউটাউনের ফ্ল্যাট থেকে তাঁকে আটক করার পর দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে গভীর রাতে গ্রেফতার করা হয়েছিল।

  • Link to this news (এই সময়)