নিট প্রশ্নফাঁসকাণ্ডের আবহে লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘যুবশক্তি’-কে মূল থিম বা বিষয়বস্তু হিসেবে বেছে নিল কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, ইতিহাসে প্রথমবার ১৫ অগস্ট লালকেল্লায় জাতীয় গান বন্দে মাতরম গাওয়া হবে বলেও সোমবার জানালেন প্রতিরক্ষা সচিব আরকে সিং। সাম্প্রতিক রাজনৈতিক আবহে দু’টি ঘোষণাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে দেশের তরুণ প্রজন্মের অবদান মনে করিয়ে দিতেই এ বারে যুবশক্তি থিম করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা সচিব। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরাই এই দেশকে গড়ে তুলবেন। ভবিষ্যতে তার সুফলও পাবেন।’
তবে এর সঙ্গে যন্তর মন্তরে ছাত্রছাত্রীদের আন্দোলনের কোনও সম্পর্ক নেই বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি। আরকে সিংয়ের কথায়, ‘স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যুবসমাজের সাফল্য ও অবদানকে তুলে ধরার পরিকল্পনা অনেক আগেই করা হয়েছিল।’ তিনি জোর দিয়ে বলেন, ‘যন্তর মন্তরে আন্দোলনের অনেক আগে।’
২০২৬-এ বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজন করেছে কেন্দ্রীয় সরকার। তবে লালকেল্লার মঞ্চ থেকে বন্দে মাতরম গাওয়া নিঃসন্দেহে ঐতিহাসিক বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। আরকে সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রী লালকেল্লায় পৌঁছনোর পরই ‘বন্দে মাতরম’ পরিবেশন করা হবে। তার পরে জাতীয় পতাকা উত্তোলন করে বাজানো হবে জাতীয় সঙ্গীত। শেষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রায় ৫,০০০ বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। থাকবেন পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা এবং গণিত অলিম্পিয়াডে পদকজয়ী ১৯ জন পড়ুয়াও। অনুষ্ঠানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বিরোধী দলনেতা ক্যাবিনেট মন্ত্রীদের সমতুল্য। তাই কেন্দ্রীয় মন্ত্রীদের পরেই রাহুল গান্ধীর বসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আরকে সিং।
প্রশ্ন: এ বার স্বাধীনতা দিবসের মূল থিম কী?
উত্তর: এ বার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মূল থিম ‘যুবশক্তি’।
প্রশ্ন: কেন ‘যুবশক্তি’কে থিম করা হয়েছে?
উত্তর: ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তুলতে দেশের তরুণ প্রজন্মের অবদানকে স্বীকৃতি দিতেই এই থিম বেছে নেওয়া হয়েছে।
প্রশ্ন: এ বার কি লালকেল্লায় ‘বন্দে মাতরম’ গাওয়া হবে?
উত্তর: হ্যাঁ। ইতিহাসে প্রথম বার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লা থেকে ‘বন্দে মাতরম’ পরিবেশন করা হবে।
প্রশ্ন: ‘বন্দে মাতরম’ কখন গাওয়া হবে?
উত্তর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় পৌঁছনোর পর ‘বন্দে মাতরম’ গাওয়া হবে। এরপর জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে।
প্রশ্ন: ২০২৬ সালে ‘বন্দে মাতরম’ নিয়ে বিশেষ গুরুত্ব কেন?
উত্তর: ২০২৬ সালে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি হচ্ছে। সেই উপলক্ষে বিশেষ আয়োজন করেছে কেন্দ্র।
প্রশ্ন: যন্তর মন্তরের ছাত্র আন্দোলনের সঙ্গে ‘যুবশক্তি’ থিমের কোনও যোগ রয়েছে?
উত্তর: প্রতিরক্ষা সচিব আর কে সিং জানিয়েছেন, এর সঙ্গে ছাত্র আন্দোলনের কোনও সম্পর্ক নেই। তাঁর দাবি, এই পরিকল্পনা যন্তর মন্তরের আন্দোলনের অনেক আগেই নেওয়া হয়েছিল।
প্রশ্ন: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কত জন বিশেষ অতিথি থাকবেন?
উত্তর: প্রায় ৫,০০০ জন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রশ্ন: অলিম্পিয়াডে পদকজয়ী পড়ুয়ারা কি অনুষ্ঠানে থাকবেন?
উত্তর: হ্যাঁ। পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা ও গণিত অলিম্পিয়াডে পদকজয়ী ১৯ জন পড়ুয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রশ্ন: রাহুল গান্ধী কি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত?
উত্তর: হ্যাঁ। লোকসভার বিরোধী দলনেতা হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রোটোকল অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রীদের পর তাঁর আসন থাকবে।