• ‘কল্পকাহিনি শোনার ইচ্ছা নেই, আগে বলুন...’, পড়ুয়াদের আন্দোলন নিয়ে শাহ বিবৃতি দেবেন জেনে তোপ রাহুলের
    এই সময় | ১১ আগস্ট ২০২৬
  • যন্তর মন্তরে ছাত্রছাত্রীদের আন্দোলনে পুলিশের প্যালেট গান, লাঠি চার্জের অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতি দেবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজেজু। সোমবার সাংবাদিক সম্মেলনে এই নিয়ে তীব্র কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ‘ওই সব কল্পকাহিনি শোনার কোনও ইচ্ছা নেই। আগে বলতে হবে, পড়ুয়াদের উপরে গুলি চালানোর অনুমতি কে দিয়েছিল?’ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছেন তিনি।

    এ দিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাহুল। মোট তিনটি দাবি তুলে ধরেন তিনি। রাহুলের মতে, সবটাই দায়বদ্ধতার প্রশ্ন। তাঁর কথায়, ‘অমিত শাহ যদি গুলি চালানোর নির্দেশ দিয়ে থাকেন, তা হলে আমাদের সন্তানদের উপরে গুলি চালানোর জন্য তিনি দায়ী।’ এখানেই থামেননি তিনি। রাহুল বলেন, ‘আর যদি কী ঘটেছে তিনি না জেনে থাকেন, তা হলে স্বরাষ্ট্রমন্ত্রী অযোগ্য।’ দু’টি ক্ষেত্রেই অমিত শাহের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

    অমিত শাহ গুলি চালানোর অনুমতি না দিলে, স্বরাষ্ট্রমন্ত্রকের কোন আধিকারিক দিয়েছিলেন, তা-ও জানতে চান রাহুল। তাঁর সাফ কথা, ‘তিনি কী কল্পকাহিনি শোনাবেন, তাতে আমাদের কোনও আগ্রহ নেই। আমরা শুধু জানতে চাই, গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিল? এটা দায়বদ্ধতার অভাব নাকি অযোগ্যতা?’ পড়ুয়াদের উপর পুলিশের পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেন রাহুল। এ ছাড়া অযোধ্যার রামমন্দিরের অনুদানের টাকা চুরির অভিযোগকে বিরোধীদের তোলা তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন তিনি।

    দিল্লিতে পড়ুয়াদের প্রতিবাদ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ এত কিছু ঘটে যাওয়ার পরেও অমিত শাহ কোথায়? বিষয়টি নিয়ে সংসদে ও সংসদের বাইরে সরব হয়েছিলেন বিরোধীরা। শাহ সংসদে উপস্থিত না হওয়ায় দফায় দফায় সভা মুলতুবি হয়ে যায়। সেই চাপের মধ্যেই কেন্দ্রীয় সরকার জানিয়েছে, অমিত শাহ সংসদে এই বিষয়ে জবাব দেবেন। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘শুধু বিবৃতি নয়, ছাত্রদের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেও সরকার প্রস্তুত।’

    তবে শাহের বক্তব্যের সময়ে যাতে বিরোধীরা হট্টগোল না করেন, সেই ব্যাপারেও সতর্ক করে দেন রিজিজু। তাঁর দাবি, আলোচনার সময় বিরোধীদের এমন কোনও পরিস্থিতি তৈরি করা উচিত নয় যাতে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্য রাখতে না পারেন। তাঁর আবেদন, অমিত শাহের বক্তব্য মন দিয়ে শোনা হোক এবং এর পরে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হোক। কিন্তু বিরোধীরা যে সেই পথে হাঁটবে না, রাহুলের এ দিনের মন্তব্য থেকে তা স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতির মহলের একাংশ।

    প্রশ্ন: অমিত শাহ কী নিয়ে সংসদে জবাব দেবেন?

    উত্তর: যন্তর মন্তরে আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশের প্যালেট গান, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের অভিযোগ নিয়ে জবাব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    প্রশ্ন: অমিত শাহের বক্তব্য নিয়ে রাহুল গান্ধী কী বলেছেন?

    উত্তর: রাহুল বলেছেন, সাধারণ কোনও ‘কল্পকাহিনি’ বা বক্তব্য শুনতে তিনি আগ্রহী নন। তাঁর প্রশ্ন, পড়ুয়াদের উপর গুলি চালানোর অনুমতি কে দিয়েছিল।

    প্রশ্ন: রাহুল গান্ধী অমিত শাহের কাছে কী জানতে চেয়েছেন?

    উত্তর: অমিত শাহ নিজে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন কি না এবং না দিয়ে থাকলে স্বরাষ্ট্রমন্ত্রকের কোন আধিকারিক সেই নির্দেশ দিয়েছিলেন, তা জানতে চেয়েছেন রাহুল।

    প্রশ্ন: রাহুলের মতে অমিত শাহের পদত্যাগ করা উচিত কেন?

    উত্তর: রাহুলের দাবি, শাহ যদি গুলি চালানোর নির্দেশ দিয়ে থাকেন, তা হলে তিনি দায়ী। আর যদি তিনি বিষয়টি সম্পর্কে না জেনে থাকেন, তা হলে তিনি অযোগ্য। দু’ক্ষেত্রেই তাঁর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন রাহুল।

    প্রশ্ন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কী দাবি করেছেন রাহুল?

    উত্তর: পড়ুয়াদের উপর পুলিশের পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন তিনি।

    প্রশ্ন: বিরোধীদের আরও কী দাবি রয়েছে?

    উত্তর: অযোধ্যার রামমন্দিরের অনুদানের টাকা চুরির অভিযোগ নিয়েও সরকারকে জবাব দিতে হবে বলে দাবি করেছে বিরোধীরা।

    প্রশ্ন: সরকার কি শুধু অমিত শাহের বিবৃতি দেওয়ার কথা জানিয়েছে?

    উত্তর: না। কিরেন রিজিজু জানিয়েছেন, পড়ুয়াদের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয় নিয়ে সংসদে বিস্তারিত আলোচনাতেও সরকার প্রস্তুত।

    প্রশ্ন: রিজিজু বিরোধীদের কী আবেদন জানিয়েছেন?

    উত্তর: অমিত শাহ বক্তব্য রাখার সময় বিরোধীরা যেন হট্টগোল না করেন এবং তাঁর বক্তব্য মন দিয়ে শোনেন, সেই আবেদন জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)