এই সময়: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া চারটি মামলার শুনানি আজ, মঙ্গলবার করতে পারে হাইকোর্ট। মামলাগুলির দ্রুত শুনানি চেয়ে সোমবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন সুমিতের আইনজীবী। তাঁর আবেদনে বলা হয়, মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি হওয়ার কথা, তার সঙ্গেই সুমিতের মামলাগুলির শুনানি করা হোক।
বিচারপতি সৌগত ভট্টাচার্যের বক্তব্য, অন্য কোনও মামলার সঙ্গে নয়, তবে আজ, মঙ্গলবার সুমিতের ওই চারটি মামলার শুনানি হতে পারে। ইতিমধ্যেই অন্য দু’টি মামলায় তদন্তে সহযোগিতার শর্তে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন অভিষেকের আপ্ত সহায়ক।
শনি ও রবিবারের পরে সোমবারও পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় দায়ের হওয়া, সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার মামলায় সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিআইডি। এ দিন সকাল ১১টায় সিআইডি তাঁকে ডেকেছিল। তবে ভবানী ভবনে সুমিত ঢোকেন সকাল ১০টা ৪৪ মিনিটে।
সূত্রের খবর, শিক্ষা ও খাদ্য দপ্তরে চাকরি দেওয়ার জন্য কত টাকার লেনদেন হয়েছে, কে বা কারা সেই টাকা পেয়েছেন, এই সব প্রশ্নই করা হয়েছে সুমিতকে। জিজ্ঞাসাবাদ পর্বের পুরোটার ভিডিয়ো রেকর্ডিংও করা হয়েছে। প্রায় ৮ ঘণ্টা পরে এ দিন ভবানী ভবন থেকে সুমিত বেরোন। সুমিতের এ দিনের বয়ান খতিয়ে দেখে ফের তাঁকে তলব করা হতে পারে বলে সিআইডি সূত্রের দাবি।
এর আগে শনিবার প্রায় ১০ ঘণ্টা ও রবিবার প্রায় ৮ ঘণ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ককে শালবনিতে জমি প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি–র তদন্তকারীরা। এ দিন কোনও মন্তব্য না–করলেও রবিবার সংবাদমাধ্যমের কাছে সুমিত দাবি করেন, তাঁর বিরুদ্ধে সব অভিযোগ ভিত্তিহীন।