• SIR: ‘যে গতিতে নিষ্পত্তি হচ্ছে, আর একটা নির্বাচন এসে যাবে’, ট্রাইব্যুনালের কাজ নিয়ে উষ্মা সুপ্রিম কোর্টের
    এই সময় | ১১ আগস্ট ২০২৬
  • পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। নাম তোলার জন্য তাঁদের অনেকেই ট্রাইব্যুনালে আবেদন করেছেন। কিন্তু সেখানে যে গতিতে বিচারাধীনদের আবেদনের নিষ্পত্তি হচ্ছে, তাতে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট। কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর দায়ের করা মামলায় বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ মন্তব্য করল, ট্রাইব্যুনালে যে গতিতে আবেদনের নিষ্পত্তি হচ্ছে, তাতে আবার নির্বাচন এসে যাবে। ট্রাইব্যুনালে এখনও পর্যন্ত কতগুলি আবেদনের নিষ্পত্তি হয়েছে, তা-ও নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ অগস্ট।

    প্রাক্তন সাংসদ ও কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী সুপ্রিম কোর্টে মামলা করেছেন। মামলার আবেদনে তিনি জানান, যে হেতু শুধুমাত্র মুর্শিদাবাদ এবং মালদাতেই প্রায় ৫ লক্ষ লোকের নাম বাদ গিয়েছে এসআইআর-এ, তাই এই দুই জেলার জন্য আলাদা ব্লকভিত্তিক ট্রাইব্যুনাল গঠন করে মামলার নিষ্পত্তি করা হোক। শুধু তা-ই নয়, ট্রাইব্যুনালে পর্যাপ্ত সংখ্যক বিচারপতি নিয়োগেরও আবেদন করেছিলেন তিনি।

    মঙ্গলবার সেই মামলায় বিচারপতি জয়মাল্য বাগচী কমিশনের উদ্দেশে বলেন, ‘ট্রাইব্যুনালে আবেদন জমা পড়াই যথেষ্ট নয়। সেই সব আবেদনের নিষ্পত্তি কী গতিতে হচ্ছে, সেটাই আমাদের দেখতে হবে। এখনও পর্যন্ত কত আবেদনের নিষ্পত্তি হয়েছে, আপিলগুলোর কী গতি হচ্ছে, সেটাও দেখতে হবে। এ পর্যন্ত ঠিক কতগুলি আবেদনের নিষ্পত্তি হয়েছে, তা আমাদের জানাতে হবে।’ প্রধান বিচারপতি কান্তও বলেন, ‘আবেদনের নিষ্পত্তির বিস্তারিত তথ্য আদালতে পেশ করুক কমিশন।’

    অধীরের আইনজীবী রউফ রহিম আদালতে অভিযোগ করেন, এসআইআর-এ নাম বাদ পড়াকে হাতিয়ার করে বহু মানুষকে রেশন পাওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে। তার প্রেক্ষিতে বিচারপতি বাগচী জানান, এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করতে হবে। বিচারপতি বলেন, ‘আমরা মনে করি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোনও ব্যক্তির রেশন বন্ধ করতে এসআইআর তথ্য ব্যবহার করছে কি না— সেটা ভিন্ন মামলার বিষয়।’

  • Link to this news (এই সময়)