• ‘কাশীতে যাচ্ছি’, নোট লিখে বাড়ি ছাড়ল দ্বাদশের ছাত্র, নেপথ্য কী কারণ? তদন্তে পুলিশ
    এই সময় | ১১ আগস্ট ২০২৬
  • মোবাইলে অনলাইন গেম খেলা নিয়ে বাবা-মায়ের সঙ্গে অশান্তি। তার জেরেই দ্বাদশ শ্রেণির এক পড়ুয়ার বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। দিন তিনেক আগের এই ঘটনার কথা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, নিখোঁজ পড়ুয়ার নাম শিবসূর্য (১৭)। তাঁর বাড়ি কেরালার কান্নুরের পেরিঙ্গাথুরে। জানা গিয়েছে, বাড়ি ছেড়ে যাওয়ার আগে একটি নোট লিখে গিয়েছে ওই কিশোর।

    সূত্রের খবর, শিবসূর্য অনলাইন গেমে আসক্ত ছিল। মাঝেমধ্যেই বাবা-মায়ের সঙ্গে তার এই নিয়ে ঝামেলাও হতো। দিন কয়েক আগে কিশোরের বাবা তার মোবাইল ফোন কেড়ে নিয়েছিল বলেও জানা গিয়েছে। এরপরেই বাধে বিপত্তি।

    গত শনিবার, ৮ অগস্ট বাড়ি ছেড়ে চলে যায় শিবসূর্য। যাওয়ার আগে হাতে লেখা নোট রেখে যায় সে। সেই নোটে লেখা ছিল, ‘আমি কাশীতে যাচ্ছি। বাকি জীবনটা ওখানেই থাকব। ভগবানের কাছে থাকতে চাই আমি।’ পুলিশ শিবসূর্যের বাড়ি থেকে নোটটি উদ্ধার করেছে।

    শিবসূর্যের পরিবার জানিয়েছে, বাড়ি থেকে যাওয়ার সময়ে নিজের মোবাইল ফোনটি সঙ্গে নিয়ে গিয়েছে সে। সেই ফোনের সূত্র ধরেই নিখোঁজ কিশোরকে খোঁজার চেষ্টা করছে পুলিশ। জানা গিয়েছে, দিন কয়েক আগে অনলাইন গেমে বেশ কিছু টাকা খোয়া গিয়েছে ওই কিশোরের। সেই নিয়ে মনোমালিন্যও হয়েছিল বাড়িতে। সেই কারণেই ওই কিশোড় বাড়ি ছেড়ে চলে গিয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।

  • Link to this news (এই সময়)