• ঝাড়খণ্ডের ইচ্ছেমতো জল ছাড়ায় লাগাম, বাংলায় জল-যন্ত্রণা কমবে?
    এই সময় | ১১ আগস্ট ২০২৬
  • এই সময়, আসানসোল: তেনুঘাট এবং ময়ূরাক্ষী-২ ব্যারাজ থেকে আর ইচ্ছেমতো জল ছাড়তে পারবে না ঝাড়খণ্ড সরকার। দিল্লিতে এক উচ্চপর্যায়ের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সরকার, ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন) কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় জল কমিশনের প্রতিনিধিরা মুখোমুখি আলোচনায় বসেন।

    বৈঠকের মূল নির্যাস জানিয়ে ডিভিসির এগজ়িকিউটিভ ডিরেক্টর সুবীর সাহা বলেন, ‘তেনুঘাট ও ময়ূরাক্ষী-২ ব্যারাজকে ডিভিআরআরসি-র (দামোদর ভ্যালি রিজ়ার্ভার রেগুলেশন কমিটি) আওতায় আনা হবে।’ এর ফলে এখন থেকে তেনুঘাট ও ময়ূরাক্ষী-২ জলাধার থেকে জল ছাড়ার আগে ডিভিআরআরসি-র অনুমোদন সাপেক্ষে দুই রাজ্য ও কেন্দ্রীয় জল কমিশনকে আগাম জানাতে হবে।

    গত কয়েক বছরের বন্যার ইতিহাস পর্যালোচনা করে দেখা গিয়েছে, ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে অনিয়ন্ত্রিত ভাবে ছাড়া জল সরাসরি এসে জমা হতো পাঞ্চেত জলাধারে। সেই বিপুল জলরাশি ধরে রাখার ক্ষমতা না-থাকায় বাধ্য হয়ে তা ডিভিসি ছেড়ে দিত, যা দুর্গাপুর ব্যারাজের মাধ্যমে গিয়ে নিম্ন দামোদর এলাকার শত শত গ্রামকে জলে ভাসিয়ে দিত। পশ্চিমবঙ্গ সরকারের তরফে এর আগে বার বার ডিভিআরআরসি-তে দরবার করা হলেও কাজের কাজ কিছু হয়নি। সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দরবারে এই জটিলতা কাটাতে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত পদক্ষেপ নিশ্চিত করা হয়েছে।

    প্রথমত, তেনুঘাট ও ময়ূরাক্ষীকে ডিভিআরআরসি-র নিয়ন্ত্রাধীনে নিয়ে এসে জল ছাড়ার প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা আনা। দ্বিতীয়ত, তেনুঘাটের জলধারণ ক্ষমতা বৃদ্ধি করা। ৮৬৫ ফুট পর্যন্ত জল ধরে রাখার ক্ষমতা থাকলেও, জলাধার সংলগ্ন এলাকায় বেআইনি দখলের কারণে প্রায় ১৩ ফুট কম জল রাখা হতো। দখলদার উচ্ছেদের কাজ এগোয়নি।

    বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ঝাড়খণ্ড সরকারকে কড়া বার্তা দিয়ে অবিলম্বে বেআইনি দখলদারদের সরিয়ে জমি খালি করার নির্দেশ দিয়েছেন, যাতে সেখানে পুরো মাত্রায় জল ধরে রাখা সম্ভব হয়। তৃতীয়ত, ঝাড়খণ্ড সরকার নিজেদের উদ্যোগে বেলপাহাড়িতে একটি নতুন ব্যারাজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। নিজস্ব আর্থিক তহবিলে তৈরি এই নতুন ব্যারাজ থেকে ঝাড়খণ্ড যেমন সেচের জলের চাহিদা মেটাতে পারবে, তেমনই তেনুঘাট থেকে সরাসরি পাঞ্চেতে জল আসার ঢল রোখা যাবে।

  • Link to this news (এই সময়)