• ৩১ আগস্টের ডেডলাইন, থমকে নিয়োগ! ২৬ হাজার শিক্ষকের ভবিষ্যৎ ফের অনিশ্চিত
    দৈনিক স্টেটসম্যান | ১১ আগস্ট ২০২৬
  • তৃণমূল সরকারের সময় নিয়োগ দুর্নীতির কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়া ছাব্বিশ হাজার শিক্ষক-শিক্ষিকা এখন আরও বড় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। সুপ্রিম কোর্টের ডেডলাইন ছিল ৩১ আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের নথি যাচাই আপাতত স্থগিত রেখেছে। ফলে নিয়োগ প্রক্রিয়া আটকে গিয়েছে।

    সুপ্রিম কোর্টের নির্দেশে এই শিক্ষকরা নতুন করে পরীক্ষায় বসেছেন। সুপ্রিম কোর্ট বলেছে যতদিন না নিয়োগ প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন শিক্ষকরা বেতন পাবেন। ৩১ আগস্ট পর্যন্ত এই বেতন মেলার মেয়াদ রয়েছে। যদি ৩১ আগস্টের মধ্যে নিয়োগ শেষ না করা যায়, তাহলে শিক্ষকরা বেতন পাবেন না।

    সোমবার হঠাৎ করেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের নথি যাচাই আপাতত স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের ৭ আগস্টের নির্দেশিকা মেনে।

    ২০১০ সালের পর ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ৭৭টি সম্প্রদায়ের অন্তর্ভুক্তি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই ৭৭টি সম্প্রদায়ের মধ্যে ৭৫টি মুসলিম সম্প্রদায়। ২০২৪ সালের মে মাসের হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিল পূর্বতন তৃণমূল সরকার। কিন্তু বিজেপি ক্ষমতায় এসেই জানিয়ে দেয় যে ওবিসি তালিকা নিয়ে পূর্বতন সরকারের মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করবে। সেই মামলা প্রত্যাহার করে শুভেন্দুর সরকার। ফলে ২০১০ সালের আগের সমীক্ষার ভিত্তিতে স্বীকৃত শুধুমাত্র ৬৬টি সম্প্রদায়কেই ওবিসি তালিকায় রাখা হয়েছে। ওবিসি স্বীকৃতি বাদ গিয়েছে ৭৭টি সম্প্রদায়ের।

    আন্দোলনকারী শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, ‘আমরা কেউই জানি না ৩১ আগস্টের পর কী হবে। আমাদের চাকরি থাকবে নাকি থাকবে না জানি না। এখনও অবধি নবম-দশমের ভেরিফিকেশন চলছিল, আর একাদশ-দ্বাদশের কাউন্সিলিং প্রসেস শুরু হয় আর কয়েকজনের বাকি থাকে। এখন বুঝতে পারছি না ঠিক কী হচ্ছে। এখনও অ্যাপয়েন্টমেন্ট লেটার কেউ পায়নি। আমরা চেয়েছি মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলুন। তবে এখনও সদুত্তর পাইনি।’ তবে এই বিষয়টি যে রাজ্যের শিক্ষক- শিক্ষা কর্মীদের নিয়োগ সমস্যাকে আরও বড় করে তুলল তা বলার অপেক্ষা রাখে না।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)