বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
প্রতিদিন | ১১ আগস্ট ২০২৬
রাজনীতি বড় বালাই। রাজনীতিকের ব্যক্তিগত মুহূর্তও ব্যক্তিগত থাকার জো নেই। এবার রাহুল গান্ধীর (Rahul Gandhi) নৌকাবিহারের ছবি পোস্ট করে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। সোশাল মিডিয়ায় তাঁর প্রশ্ন, ‘রাহুলজি, এই ছবিটা কোথাকার, কবেকার আর ছবিতে আপনার সঙ্গে এরা কারা? আমার জানতে খুব কৌতূহল হচ্ছে।’
তাঁর এমন খোঁচায় পালটা দিয়েছে কংগ্রেস। হাত শিবিরের তরফে পরিষ্কার জানানো হয়েছে, ছবিতে রাহুলের সঙ্গে যে মহিলা, তিনি তাঁর বন্ধুপত্নী। ছেলেটি তাঁর সন্তান। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেট জানিয়েছেন, ‘আপনি এক লম্পট প্রকৃতির মানুষ! নারী-পুরুষকে একসঙ্গে দেখলে কেবল জঘন্য চিন্তাই করতে পারেন… নিজের হতাশাকে আপনার উপর প্রভাব বিস্তার করতে দেবেন না।’
উল্লেখ্য, ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের (আইওসি) সোশাল মিডিয়া ইন-চার্জ অভি দান্ডিয়া এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য দিয়েছেন। দান্ডিয়া বলেছেন, ‘এই ছবিটি টেক্সাসের লেক রে রবার্টসে তোলা হয়েছিল… গিরিরাজ সিং! এটি সত্য কি না, তা আপনি নিজেই যাচাই করে দেখতে পারেন।’ যুব কংগ্রেসের প্রাক্তন প্রধান শ্রীনিবাস বিভি কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশে খোঁচা মেরে বলেছেন, “বার্ধক্যে অতিরিক্ত কৌতূহল ভালো নয়… কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নিন।” সব মিলিয়ে বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।
এদিকে রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে গতমাসেই খোঁচা দিয়েছিল বিজেপি। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘২২ জুন থেকে ১৩ জুলাইয়ের মধ্যে রাহুল গান্ধীর বিদেশ সফর রহস্যের আবরণে ঢাকা। তিনি কোথায় গিয়েছিলেন? কাদের সঙ্গে দেখা করেছিলেন? তাঁর ভ্রমণ ও থাকার খরচ কারা বহন করেছিল?’ পাশাপাশি তিনি আরও জানতে চান, বিরোধী দলনেতার এই ‘বিদেশি কর্মসূচি’র মধ্যে এমন কোনও বৈঠক ছিল কি না, যা দেশের ‘রাজনৈতিক বা কৌশলগত স্বার্থে’র উপরে প্রভাব ফেলতে পারে! তা জনগণের জানা উচিত বলেও দাবি করেন তিনি।