• ‘নন্দী’র পিঠে চেপে কানওয়ার যাত্রা! ভাইরাল শিবের পবিত্র বাহনের আদলের বাইক
    প্রতিদিন | ১১ আগস্ট ২০২৬
  • চলছে কানওয়ার যাত্রা। শিবের মাসে পুণ্যার্থীদের ভিড়। এরই মাঝে এক যুগলকে দেখা গেল নন্দীর পিঠে চাপতে! ভাইরাল সেই ভিডিও। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। নেটভুবনে চর্চায় শিবের পবিত্র বাহনের আদলের বাইক।

    সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যাচ্ছে ‘নন্দী বাইকে’ চেপে চলেছেন দুই পুণ্যার্থী। দেখে বিস্মিত নেটিজেনরা। একঝলকে যেন মনে হচ্ছে সত্যিই শিবের বাহনের পিঠেই চেপেছেন তাঁরা। তবে ভালো করে দেখলে বোঝা যায়, তাঁরা চেপেছেন বাইকেই। কেবল সাজের বহরে সবটাই বদলে গিয়েছে যেন! এক্স হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘ভারত মোটেও নবিশদের জায়গা নয়।’

    প্রসঙ্গত, নন্দী শিবের পবিত্র ষাঁড় এবং কৈলাসের প্রধান দ্বাররক্ষক। সংস্কৃতে এই শব্দের অর্থ ‘আনন্দ’ষ শিবলিঙ্গের সামনে সব সময়ই নন্দীর মূর্তিও দেখা যায়। তাঁকে মনে করা হয়, ভক্ত ও ঈশ্বরের মাঝে একাগ্রতার পবিত্র এক প্রতীক। 

    উল্লেখ্য, গত ৩০ জুলাই থেকে শুরু হয়েছে এই বছরের পবিত্র কানোয়ার যাত্রা। চলবে মঙ্গলবার পর্যন্তই। গঙ্গাজল সংগ্রহ করতে প্রতি বছরই গঙ্গাোত্রী, গোমুখী, সুলতানগঞ্জ এবং হরিদ্বারে কোটি কোটি শিবভক্তের সমাগম ঘটে। এবারও তার ব্যতিক্রম হয়নি। নেমেছে পুণ্যার্থীদের ঢল। ভাইরাল হয়েছে নানা ভিডিও। যেমন উত্তরপ্রদেশের মুজাফফরনগরের বাসিন্দা যশবীরের ভিডিও। মা ও মাসিকে দুই কাঁধে তুলে নিয়ে শিবধামের উদ্দেশে হাঁটত দেখা গিয়েছে তাঁকে। সব মিলিয়ে ১১৫ কেজি ওজনের বিশাল বাঁক। যশবীরের বক্তব্য পরিষ্কার, সমাজকে একটিই বার্তা দিতে চাই। বাবা-মাকে ভালোবাসুন, তাঁদের শ্রদ্ধা ও সেবা করুন। এরই সঙ্গে ভাইরাল হল নন্দী বাইকের এই ভিডিওটিও।
  • Link to this news (প্রতিদিন)