জঙ্গলের রাজার জন্য রাজকীয় বন্দোবস্ত! ৩ লাখি বাঘের খাঁচা এল বক্সায়
প্রতিদিন | ১১ আগস্ট ২০২৬
জঙ্গলের রাজা বলে কথা! বাঘ আনার তিন লাখি রাজকীয় খাঁচা এল বক্সায়। সাদা, কালো, জলপাই ও ঘিয়া রঙের আর্মিদের পোশাকের রঙে তৈরি হয়েছে এই খাঁচা। যা দেখতে অনেকটা সুরক্ষিত বাক্সের মতো। ভূপালের ইন্দোর থেকে বাঘ আনার ৮ কুইন্টাল ওজনের এই খাঁচা এনেছে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ। মূলত লোহা আর সিলভারের সংমিশ্রণে এই খাঁচা তৈরিতে খরচ হয়েছে প্রায় তিন লক্ষ টাকা। আর তিন লাখি এই খাঁচা বক্সাতে পৌঁছতেই চর্চা শুরু হয়েছে। রাজাভাতখাওয়ার জঙ্গলে সুরক্ষিত স্থানে রাখা হয়েছে এই খাঁচা। পাহারায় সশস্ত্র বনকর্মীরা।
রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ বলেন, “ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটির গাইড লাইন মেনে আমরা সব কাজ করছি। সড়কপথে এই খাঁচাতে বাঘ আনা হবে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে।”অসম বা বিহার থেকে বাঘ সড়ক পথে এই খাঁচায় বন্দি করে আনা হবে বক্সার ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চলে। মূলত গ্রিন করিডর করে সড়কপথে বাঘ আনা হবে এখানে। প্রথমে একটি বাঘিনিকে এই বনাঞ্চলে এনে ছাড়া হবে।
উল্লেখ্য, ১৯৮২ সালে আলিপুরদুয়ার জেলার বক্সা বাঘ বন দেশের ১৫তম বাঘ সংরক্ষিত এলাকার মর্যাদা পায়। সে সময় এই বনাঞ্চলে ২০টির বেশি বাঘ থাকার রেকর্ড ছিল। কিন্তু ধীরে ধীরে এই বনাঞ্চল বাঘশূন্য হয়ে পড়ে। তবে শেষ দুই বছর অসম থেকে ভুটান হয়ে এই বনাঞ্চলে পুরুষ বাঘেদের আনাগোনা ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে।