বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
প্রতিদিন | ১১ আগস্ট ২০২৬
রাজ্যে ক্ষমতায় আসার পর দলের মধ্যে থাকা বেনোজল বের করতে শুদ্ধকরণের পথ নিয়েছে বঙ্গ বিজেপি (Bengal BJP)! নিচুতলার বড় অংশে তোলাবাজি ও দলবিরোধী কাজকর্ম চলায় বিব্রত নেতৃত্বকে তা রুখতে বারবার কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিতে হচ্ছে। সাসপেন্ডের সংখ্যা ছাড়িয়েছে আড়াইশোর বেশি। দলবিরোধী অনৈতিক কার্যকলাপ কড়া হাতে নিয়ন্ত্রণ করার দায়িত্ব মূলত যাদের হাতে, সেই জেলা সভাপতিরাও অনেকেই সেই কাজে ব্যর্থ! তাই এবার একেবারে জেলাস্তরেও দলের খোলনলচে বদলাতে চলেছে রাজ্য বিজেপি।
এখনও পর্যন্ত যা খবর, সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই ১২ জনের বেশি জেলা সভাপতিকে সরিয়ে দেওয়া হতে চলেছে। বদল হতে চলা ওই সমস্ত সাংগঠনিক জেলার দলের সভাপতিরা নিজেদের দায়িত্ব পালন করতে পারছেন না বলে অভিযোগ এসেছে শীর্ষনেতৃত্বের কাছে। নিচুতলায় যাদের বিরুদ্ধে অনৈতিক কাজকর্মের অভিযোগ রয়েছে, তাদের সঙ্গে ওই সমস্ত জেলা সভাপতিদের সুসম্পর্ক থাকায়, দলীয় স্তরে কোনও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। নিচুতলা থেকে এই রিপোর্টও রাজ্য নেতাদের কাছে গিয়েছে।
শুধু তাই নয়, তারপরই বদল হতে চলেছে ২০০-র বেশি মণ্ডল সভাপতি। একই সঙ্গে দলের শীর্ষস্তরের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, হঠাৎ করে যারা বিজেপি হয়ে গিয়েছে তাদেরকে কোনওভাবেই পুরসভার ভোটে টিকিট দেওয়া হবে না। কারণ, বহু জেলায় পঞ্চায়েত ও পুরসভায় এখন হঠাৎ করে বিজেপি হয়ে যাওয়া প্রাক্তন তৃণমূলীরা রাজ করছে। সূত্রের খবর, বিজেপির যেহেতু সংগঠন সেভাবে নেই সেই সব এলাকায় তাই সেই হঠাৎ বিজেপি তথা প্রাক্তন তৃণমূলীদের সঙ্গে রাখছেন বিজেপি নেতারা। আর বিভিন্ন এলাকায় ওই ‘হঠাৎ বিজেপিরা’ই দাদাগিরি দেখাচ্ছে। পুরসভার নির্বাচনে টিকিট হাসিল করতেও তারা মাঠে নেমে পড়েছে। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, আসানসোল থেকে বিজেপির নিচুতলা নিয়ে অভিযোগ আসছে রাজ্য নেতৃত্বের কাছে।
বিভিন্ন জেলায় বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে। হাওড়া থেকে হুগলিতে দলের মধ্যেই ক্ষোভ-বিক্ষোভ থেকে গন্ডগোল প্রকাশ্যে আসছে। যাতে খুশি নয় আরএসএসও। আগামী ২২ থেকে ৩০ আগস্ট জেলায় জেলায় প্রশিক্ষণ শিবির করবে বিজেপি। সেখানে যাঁরা বক্তা থাকবেন, তাঁদের প্রশিক্ষণ হবে ১৬ আগস্ট। সেখানে থাকবেন বিজেপির সর্বভারতীয় যুগ্ম সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ। এ ছাড়াও থাকবেন রাজ্য পর্যবেক্ষক সুনীল বনশল। এই প্রশিক্ষণ শিবির শেষ হওয়ার পরই সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে জেলা সভাপতি বদলের প্রক্রিয়া সেরে নেওয়া হবে।