ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস
প্রতিদিন | ১১ আগস্ট ২০২৬
দুর্গার পর মাটি কেটে বেরিয়ে এল ‘বোন’ দিব্যাও। সাফল্যের পথে আরও একধাপ এগিয়ে গেল জোকা–এসপ্ল্যানেড মেট্রো প্রকল্প। কলকাতার মেট্রো রুট সম্প্রসারণে পাতালপথে রচিত হল আরও এক ইতিহাস। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে এই বোরিং মেশিন আজ, মঙ্গলবার বেরিয়ে আসে। মেট্রো রেলের আধিকারিকরা উপস্থিত ছিলেন। ছিলেন এই গুরুত্বপূর্ণ পথে কাজের সঙ্গে জড়িত ইঞ্জিনিয়ার-কর্মীরা। আগামী ২০২৯ সালে এই প্রকল্প সম্পূর্ণ শেষ হবে বলে জানানো হয়েছে। এই প্রকল্প শেষ হলে দক্ষিণ শহরতলি থেকে পশ্চিম কলকাতা হয়ে মধ্য কলকাতার সঙ্গে মেট্রোপথ জুড়ে যাবে। মহানগরের মেট্রো (Kolkata Metro) চলাচলে নতুন অধ্যায় রচিত হবে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
মেট্রোর সুড়ঙ্গ কাটার গুরুদায়িত্ব দুই বোরিং মেশিন দুর্গা ও দিব্যাকে দেওয়া হয়েছিল। দুর্গা ও দিব্যাকে দুই ‘বোন’ সম্বোধন করেন মেট্রোর কর্মী-আধিকারিকরা। দুই বোন নিজেদের কাজ শুরু করে দেয়। পাতালপথে সুড়ঙ্গ তৈরির কাজ চলতে থাকে। তবে সেই কাজ মোটেও এত সহজ ছিল না। মাটির উপরে ব্যস্ত মহানগর। ঘনবসতি তো রয়েইছে, পাশাপাশি ভূগর্ভস্থ জলও বিভিন্ন জায়গায় রয়েছে। কোনওভাবে যাতে সেসবে সমস্যা না হয়, সেদিকে নজর রেখেই সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল।
গত জুলাই মাসে কাজ শেষ করে দুর্গা। প্রথম সুড়ঙ্গ কেটে ভিক্টোরিয়ায় পৌঁছেছিল ওই বিশালকার বোরিং মেশিন। তখনও মাটির নিচে কাজ করছিল দিব্যা। এদিন বেলায় আরেক সুড়ঙ্গ কাটার কাজ শেষ করে ভিক্টোরিয়ার সামনে বেরিয়ে এল দিব্যাও। সেই মাহেন্দ্রক্ষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন মেট্রোর আধিকারিক, ইঞ্জিনিয়র থেকে কর্মীরা। দিব্যা বাইরে আসতেই আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা। দিব্যাকে পিছনে রেখে কর্মী-ইঞ্জিনিয়াররা ছবিও তোলেন।
কলকাতা মেট্রোর (Kolkata Metro) জেনারেল ম্যানেজার প্রেমসাগর গুপ্তা জানিয়েছেন, “এ এক বড় সাফল্য। এদিন দিব্যা নিজের যাত্রা শেষ করেছে। আমরা সত্যিই এ ব্যাপারে খুশি, কারোর কোনও ক্ষতি না হয়ে এই কাজটি শেষ হয়েছে।” ২০২৫ সালের ১১ অক্টোবর দিব্যা কাজ শুরু করেছিল। ১৭৪০ মিটার সুড়ঙ্গপথ কাটতে তার ১০ মাস সময় লেগেছে। এই সাফল্যে জোকা থেকে পার্পল লাইনের সংযোগ আরও একধাপ এগিয়ে গেল। এমনই মনে করা হচ্ছে। সম্পূর্ণ প্রকল্প হলে কলকাতার যাত্রাপথে এক নবদিগন্ত খুলে যাবে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।