• নৌকায় ছুটির মেজাজে রাহুল, পাশে মহিলা ও কিশোরের ছবি পোস্ট করে পরিচয় জানতে চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী
    এই সময় | ১১ আগস্ট ২০২৬
  • ছুটির মেজাজে নৌকায় বসে রয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর পাশে বসে এক মহিলা ও একটি কিশোর। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাহুল গান্ধীর উদ্দেশে একাধিক প্রশ্ন করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। ছবি কোথায় তোলা, কবে তোলা এবং রাহুলের সঙ্গে থাকা ওই মহিলা ও শিশুর পরিচয় কী—তা জানতে চেয়ে প্রশ্ন তোলেন তিনি। ছবি ভাইরাল হওয়ার পরে অবশ্য পাল্টা জবাব দিয়েছে কংগ্রেসও। লোকসভার বিরোধী দলনেতার বিদেশ সফর নিয়ে বিঁধতে চেয়েই এই পোস্ট বিজেপি নেতার।

    লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিদেশ সফরে গেলেই সমালোচনায় সরব হয় বিজেপি। সাম্প্রতিক বিদেশ সফরেও তার অন্যথা হয়নি। জুন-জুলাই মিলিয়ে প্রায় তিন সপ্তাহ বিদেশে ছিলেন কংগ্রেস নেতা। সেই সফর নিয়েও বিজেপি তাঁর গন্তব্য, সাক্ষাৎ এবং সফরের খরচ নিয়ে প্রশ্ন তুলেছিল। এ বার ১০ অগস্ট, সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি ছবি পোস্ট করেন গিরিরাজ সিং। ছবিতে দেখা যাচ্ছে, একটি নৌকায় বসে রয়েছেন রাহুল গান্ধী। তাঁর পাশে মাথায় স্কার্ফ ও চোখে সানগ্লাস পরা এক মহিলা এবং তাঁদের মাঝখানে একটি কিশোর বসে রয়েছে। কিশোরের পরনে নীল রঙের লম্বা হাতার সাঁতারের পোশাক।

    ছবিটি পোস্ট করে গিরিরাজ লেখেন,‘রাহুলজি, এই ছবিটি কোথায় তোলা হয়েছিল, কবে তোলা হয়েছিল এবং ছবিতে আপনার সঙ্গে যাঁরা রয়েছেন তাঁরা কারা?—তা জানতে আমি জানতে আগ্রহী।’

    তবে গিরিরাজের পোস্টে ছবিটির নির্দিষ্ট স্থান বা সময় সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি। ছবিটি রাহুলের সাম্প্রতিক বিদেশ সফরের সময়ে তোলা কি না, তাও স্পষ্ট নয়।

    ছবি নিয়ে বিজেপির প্রশ্নের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে জানান, ছবিতে থাকা মহিলা ও কিশোর রাহুল গান্ধীর এক বন্ধুর স্ত্রী ও ছেলে। তবে এই ছবির ফ্রেমে তাঁদের সঙ্গে রাহুলের বন্ধু নিজে ছিলেন না।

    সুপ্রিয়া শ্রীনাতে গিরিরাজ সিংয়ের মন্তব্যের সমালোচনা করে বলেন, ‘একজন পুরুষ ও মহিলাকে একসঙ্গে দেখলেই এ ধরনের প্রশ্ন তোলা অনুচিত।’ তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেন এবং তাঁর মন্তব্যকে আপত্তিকর বলে অভিহিত করেন।

    এ ছাড়া কংগ্রেসের তরফে আরও দাবি করা হয় যে, ওই ছবি কোনও গোপন রাজনৈতিক বৈঠক বা রহস্যজনক সফরের ছবি নয়। এটি ছিল একটি পারিবারিক ছুটি কাটানোর সময়ে তোলা ছবি।

    কংগ্রেসের সোশ্যাল মিডিয়া দলের সঙ্গে যুক্ত অ্যাভি দান্ডিয়া দাবি করেছেন, ছবিটি আমেরিকার টেক্সাসের লেক রে রবার্টস-এ তোলা হয়েছিল। গিরিরাজ সিং চাইলে ছবিটির স্থান সম্পর্কে নিজেই যাচাই করে নিতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। আবার প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভি-ও কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘বৃদ্ধ বয়সে কৌতূহল ভালো বিষয় নয়... একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন।’

    এই ছবি প্রকাশ্যে আসার আগে থেকেই রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে বিজেপি আক্রমণ চালিয়ে আসছে। জুনের ২২ তারিখ থেকে জুলাইয়ের ১৩ তারিখ পর্যন্ত রাহুলের বিদেশ সফর নিয়ে বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্য একাধিক প্রশ্ন তুলেছিলেন।

    বিজেপির দাবি ছিল, রাহুল কোথায় গিয়েছিলেন, কার সঙ্গে দেখা করেছিলেন এবং তাঁর বিদেশ সফরের খরচ কে বহন করেছিলেন—এই বিষয়গুলি জনসমক্ষে পরিষ্কার হওয়া প্রয়োজন। দলের অভিযোগ, বিদেশে রাহুলের কিছু সাক্ষাৎ ভারতের রাজনৈতিক বা কৌশলগত স্বার্থের পরিপন্থী হতে পারে।

    এর আগে বিজেপি দাবি করেছিল, রাহুল গান্ধী গত কয়েক বছরে অন্তত ৫৪টি বিদেশ সফর করেছেন, যেগুলির মধ্যে লন্ডন, নিউ ইয়র্ক, ইতালি, জার্মানি, কাতার, ভিয়েতনাম, কম্বোডিয়া, মলদ্বীপ এবং দুবাইয়ের মতো জায়গার নাম রয়েছে। এমনকী ওমান সফরকে ‘গোপন সফর’ বলেও দাবি করেছিল বিজেপি। বিজেপির আরও অভিযোগ, রাহুলের ঘোষিত আয় এবং বিদেশ সফরের আনুমানিক খরচের মধ্যে বড় পার্থক্য রয়েছে। সব মিলিয়ে, একটি ব্যক্তিগত মুহূর্তের ছবি এখন ফের বিজেপি-কংগ্রেসের রাজনৈতিক সংঘাতের বিষয় হয়ে উঠেছে।

  • Link to this news (এই সময়)