• NEET বাতিলের দাবিতে তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পাশ, সমর্থন বিরোধীদেরও, ওয়াকআউট বিজেপির
    এই সময় | ১২ আগস্ট ২০২৬
  • নিট প্রশ্নফাঁসের অভিযোগে রাস্তায় নেমেছিলেন ছাত্রছাত্রীরা। উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। সেই অভিন্ন ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষা বাতিলের দাবিতে প্রস্তাব পাশ হলো তামিলনাড়ু বিধানসভায়। মঙ্গলবার বিধানসভায় প্রস্তাবটি পেশ করেন স্বাস্থ্যমন্ত্রী কেজি অরুণরাজ। তাঁকে শাসক দল টিভিকে-র পাশাপাশি বিরোধী শিবিরের DMK, AIADMK-সহ অন্যান্য দলও সমর্থনও জানান। সর্বসম্মতিতে পাশ হয়ে যায় নিট বাতিলের প্রস্তাব। তবে বিজেপির একমাত্র বিধায়ক ওয়াকআউট করেন।

    প্রস্তাব পেশ করে স্বাস্থ্যমন্ত্রী কেজি অরুণরাজ দাবি করেন, স্নাতক স্তরে মেডিক্যাল কোর্সে ভর্তির জন্য নিট পরীক্ষা অবিলম্বে বাতিল করা উচিত। তাঁর অভিযোগ, এই পরীক্ষার জন্য স্কুলের পড়াশোনা শিকেয় উঠেছে। মোটা টাকা খরচ করে কোচিংয়ে ভর্তি হচ্ছে ছাত্রছাত্রীরা। এর ফলে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের মেডিক্যালে পড়ার সুযোগ কমে যাচ্ছে বলেও দাবি তাঁর। তামিলনাড়ু সরকারের অভিযোগ, ‘নিট চালু হওয়ার পরে থেকে সামাজিক বৈষম্য বেড়েছে। রাজ্যের হাতে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কমেছে।’

    নিটের বদলে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলের ভিত্তিতে মেডিক্যাল কলেজে ভর্তি করার দাবি জানিয়েছে তামিলনাড়ু সরকার। আগের DMK সরকারও একই দাবি তুলেছিল। ২০২১-এ তামিলনাড়ু বিধানসভায় সর্বসম্মত ভাবে একটি বিল পাশ হয়েছিল। সেই বিলে রাজ্যকে নিট থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়েছিল। কিন্তু রাষ্ট্রপতির অনুমোদন না মেলায় এখনও সেই বিল কার্যকর হয়নি বলে জানিয়েছে রাজ্য সরকার।

    প্রস্তাবে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের প্রসঙ্গও তুলে ধরে টিভিকে সরকার। NEET-UG বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে হয়েছিল। যার কারণে বহু পরীক্ষার্থী সমস্যায় পড়েন বলেও অভিযোগ। লাগাতার এমন ঘটনা ঘটায় পরীক্ষা ব্যবস্থার উপরে ছাত্রছাত্রীদের আস্থা কমে যাচ্ছে বলে দাবি করে তামিলনাড়ু সরকার। তবে NEET বাতিল করতে হলে একাধিক কেন্দ্রীয় আইন সংশোধন করতে হবে। এর মধ্যে রয়েছে National Medical Commission Act, 2019, National Commission for Indian System of Medicine Act, 2020 এবং National Commission for Homoeopathy Act, 2020। ফলে তা কার্যত অসম্ভব বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

    উল্লেখ্য, দেশ জুড়ে মেডিক্যাল কলেজে ভর্তির জন্য একটিই প্রবেশিকা পরীক্ষা চালুর ভাবনা প্রথম আসে ২০১৩ সালে। তার আগে ১৫ শতাংশ সর্বভারতীয় আসনের জন্য AIPMT এবং বাকি আসনের জন্য রাজ্যভিত্তিক পরীক্ষা নেওয়া হতো। AIIMS-এর মতো প্রতিষ্ঠান নিজেদের পৃথক পরীক্ষা নিত। বেসরকারি মেডিক্যাল কলেজগুলিরও আলাদা প্রবেশিকা পরীক্ষা ছিল। আইনি টানাপড়েনের পরে ২০১৭ সালে দেশ জুড়ে নিট বাধ্যতামূলক হয়। পরে AIIMS-এর মতো প্রতিষ্ঠানগুলিকেও এই পরীক্ষার আওতায় আনা হয়। ফলে দেশের মেডিক্যালে ভর্তির এক ও অভিন্ন প্রবেশিকা পরীক্ষা হয়ে ওঠে নিট।

    প্রশ্ন: তামিলনাড়ু বিধানসভায় কী প্রস্তাব পাশ হয়েছে?

    উত্তর: স্নাতক স্তরের মেডিক্যাল কোর্সে ভর্তির জন্য চালু NEET বা নিট বাতিলের দাবিতে প্রস্তাব পাশ হয়েছে।

    প্রশ্ন: কে প্রস্তাবটি পেশ করেন?

    উত্তর: তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী কেজি অরুণরাজ বিধানসভায় প্রস্তাবটি পেশ করেন।

    প্রশ্ন: কোন কোন দল প্রস্তাব সমর্থন করেছে?

    উত্তর: শাসকদল TVK-এর পাশাপাশি DMK, AIADMK-সহ অন্যান্য দলও প্রস্তাবটি সমর্থন করেছে।

    প্রশ্ন: বিজেপি কী করেছে?

    উত্তর: বিজেপির একমাত্র বিধায়ক প্রস্তাবের বিরোধিতা করে বিধানসভা থেকে ওয়াকআউট করেন।

    প্রশ্ন: তামিলনাড়ু কেন নিট বাতিল করতে চাইছে?

    উত্তর: রাজ্য সরকারের অভিযোগ, নিটের প্রস্তুতির জন্য পড়ুয়াদের স্কুলের পড়াশোনার বদলে কোচিংয়ের উপর বেশি নির্ভর করতে হচ্ছে। ব্যয়বহুল কোচিংয়ের কারণে আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিবারের পড়ুয়ারা অসুবিধায় পড়ছেন।

    প্রশ্ন: নিটের বদলে কী ব্যবস্থা চায় তামিলনাড়ু?

    উত্তর: দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে মেডিক্যাল কলেজে ভর্তি করার দাবি জানিয়েছে রাজ্য সরকার।

    প্রশ্ন: এর আগে কি তামিলনাড়ু নিট থেকে অব্যাহতি চেয়েছিল?

    উত্তর: হ্যাঁ। ২০২১ সালে তামিলনাড়ু বিধানসভায় সর্বসম্মত ভাবে নিট থেকে রাজ্যকে অব্যাহতি দেওয়ার দাবিতে একটি বিল পাশ হয়েছিল। তবে রাষ্ট্রপতির অনুমোদন না মেলায় সেটি এখনও কার্যকর হয়নি বলে রাজ্য সরকারের দাবি।

    প্রশ্ন: প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কেন প্রস্তাবে উল্লেখ করা হয়েছে?

    উত্তর: নিট-ইউজি-তে প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগের জেরে পরীক্ষা বাতিল করে ফের পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছিল। এতে পরীক্ষার্থীদের সমস্যায় পড়তে হয়েছিল এবং পরীক্ষা ব্যবস্থার উপর তাঁদের আস্থাও কমেছে বলে দাবি তামিলনাড়ুর।

    প্রশ্ন: নিট বাতিল করতে কি কেন্দ্রীয় আইন বদলাতে হবে?

    উত্তর: হ্যাঁ। নিট বাতিল করতে National Medical Commission Act, 2019, National Commission for Indian System of Medicine Act, 2020 এবং National Commission for Homoeopathy Act, 2020-সহ একাধিক কেন্দ্রীয় আইন সংশোধন করতে হবে।

    প্রশ্ন: কবে থেকে দেশজুড়ে নিট বাধ্যতামূলক হয়?

    উত্তর: আইনি টানাপড়েনের পর ২০১৭ সালে দেশজুড়ে নিট বাধ্যতামূলক হয়। পরে AIIMS-এর মতো প্রতিষ্ঠানগুলিকেও এর আওতায় আনা হয়।

    প্রশ্ন: নিট চালুর আগে কী ভাবে মেডিক্যালে ভর্তি হত?

    উত্তর: নিট চালুর আগে ১৫ শতাংশ সর্বভারতীয় আসনের জন্য AIPMT এবং বাকি আসনের জন্য রাজ্যভিত্তিক পরীক্ষা নেওয়া হত। AIIMS-সহ কয়েকটি প্রতিষ্ঠান নিজেদের পৃথক প্রবেশিকা পরীক্ষা নিত। বেসরকারি মেডিক্যাল কলেজগুলিরও পৃথক পরীক্ষা ছিল।

  • Link to this news (এই সময়)