ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রে প্রাণ গেল ১৩ বছরের বাঘিনীর। এই বাঘের মৃত্যু নিয়ে উদ্বেগ বাড়ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তার দেহের ময়নাতদন্ত করা হয়েছে। এখন রিপোর্টের অপেক্ষায় বন দফতর। ওই বাঘটির আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয়। বনকর্মীরা দ্রুত চিকিৎসা শুরু করলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় বাঘিনীটির। ২০২৪ সালের ডিসেম্বর মাসে সুন্দরবনের চুলকাটি জঙ্গল থেকে গুরুতর অসুস্থ অবস্থায় বাঘিনীটিকে উদ্ধার করা হয়েছিল। বেশ কয়েকদিন ধরে জঙ্গলের আশপাশে তাকে অসুস্থ অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। স্বাভাবিকভাবে চলাফেরাতেও সমস্যা হচ্ছিল। বিষয়টি বনকর্মীদের নজরে আসার পর শুরু হয় উদ্ধারের তৎপরতা।