আত্মনির্ভরতায় জোর, জলে ভাসল গার্ডেনরিচে তৈরি ‘শ্রুতি’, কতটা শক্তিশালী নৌবাহিনীর এই জাহাজ?
প্রতিদিন | ১২ আগস্ট ২০২৬
গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মুকুটে নয়া পালক। ভারতীয় নৌবাহিনীর শক্তি আরও বাড়ল। জলে নামল যুদ্ধজাহাজ ‘শ্রুতি’। জলপথে শ্রুতির মাধ্যমে নজরদারি চালানো হবে। সেই কথা জানানো হয়েছে। আজ, মঙ্গলবার এই যুদ্ধজাহাজ আনুষ্ঠানিকভাবে জলে নামল। ভারতীয় নৌসেনার অ্যাডমিরাল সঞ্জয় সাধু জাহাজটির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারতের বার্তা দিয়েছেন। সেই লক্ষ্যেই গার্ডেনরিচ কাজ করছে। সেই কথাও জানানো হয়েছে।
গার্ডেনরিচ ভারতীয় নৌবাহিনীর ১১টি পেট্রোলিং ভেসেলের বরাত পেয়েছে। শ্রুতিকে নিয়ে চারটি যুদ্ধজাহাজ নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছে। এর আগে গত ২৬ মে সংঘমিত্রা নামে আরও একটি পেট্রোলিং ভেসেল যুদ্ধজাহাজ লঞ্চ করা হয়েছে। ‘শ্রুতি’ নামের অর্থ ‘যা শোনা যায়’। ভারতীয় ঐতিহ্যে, ‘শ্রুতি’ শব্দটি চারটি বেদকে নির্দেশ করে, যা প্রাচীন ধর্মগ্রন্থ এবং মৌখিক ঐতিহ্যের মাধ্যমে সংরক্ষিত হয়ে এসেছে। ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যে একটি অন্যতম স্থান রয়েছে এর।
গার্ডেনরিচ সূত্রে খবর, দীর্ঘ সময় যাতে সমুদ্রে থাকতে পারে, সেই বিষয়টি নজরে রাখা রয়েছে। উন্নত নজরদারি ব্যবস্থা, সামুদ্রিক নিরাপত্তা অভিযানে গুরুত্ব দেওয়া হয়েছে। উপকূল-সহ সমুদ্রের বিস্তীর্ণ এলাকায় নিয়মিত টহল চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এই জাহাজগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে খবর। সমুদ্রে সীমান্ত সুরক্ষা ও সন্দেহজনক জাহাজের গতিবিধির উপর নজরদারি চলবে। সমুদ্রে কোনও জাহাজ দুর্ঘটনার কবলে পড়লে এইসব জাহাজ উদ্ধারেও পৌঁছে যাবে। ঘূর্ণিঝড়-সহ অন্যান্য দুর্যোগের সময় ত্রাণ ও উদ্ধারের অভিযানেও এগুলি সাহায্য করবে। কতটা শক্তিশালী নৌবাহিনীর এই জাহাজ? জানা গিয়েছে, শ্রুতির দৈর্ঘ্য প্রায় ১১৩ মিটার, প্রস্থে ১৪.৬ মিটার। ৩,০০০ টন ক্ষমতাসম্পন্ন এই জাহাজগুলোর সর্বোচ্চ গতিবেগ ২৩ নট পর্যন্ত হবে।