রাজ্যে একলাফে দ্বিগুণ হচ্ছে প্রাক্তন বিধায়কদের পেনশন! বড় সিদ্ধান্তের পথে শুভেন্দুর সরকার
প্রতিদিন | ১২ আগস্ট ২০২৬
রাজ্যের প্রাক্তন বিধায়কদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে শুভেন্দু অধিকারীর সরকার। একধাক্কায় বিধায়কদের পেনশনের অঙ্কটা প্রায় দ্বিগুণ হতে চলেছে। আসলে এতদিন পর্যন্ত রাজ্যের প্রাক্তন বিধায়করা নামমাত্র পেনশন পেতেন। সেই টাকায় সংসার চালাতে হিমশিম অবস্থা বহু বিধায়কের। সেকারণেই একধাক্কায় পেনশনের অঙ্কটা অনেকটা বাড়াচ্ছে রাজ্য।
মহারাষ্ট্রে প্রাক্তন বিধায়কদের পেনশন ৫০ থেকে ৭০ হাজার, ঝাড়খণ্ডে ৪০ থেকে ৭৫ হাজার, উত্তরাখণ্ড ও কর্নাটকেও সম পরিমাণ অর্থ মেলে পেনশন বাবদ। সেখানে বাংলায় প্রাক্তন বিধায়কদের পেনশন এখনও মাত্র ৮ থেকে ১২ হাজার টাকা। এর সঙ্গে যোগ হয় মাসিক ৬ হাজার টাকা মেডিক্যাল ভাতা। সাকুল্যে অঙ্কটা দাঁড়ায় ১৪ হাজার থেকে ১৮ হাজার টাকা। এই পেনশন বৃদ্ধির দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় থেকেই দাবি জানিয়ে আসছিলেন প্রাক্তন বিধায়করা। কিন্তু কর্ণপাত করেননি তৎকালীন মুখ্যমন্ত্রী। এমনকী বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন প্রাক্তন বিধায়কদের পেনশনের অঙ্ক বাড়ানোর বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়কে খতিয়ে দেখার অনুরোধ করেছিলেন। তাতেও লাভ হয়নি।
সরকার বদল হতেই পেনশন বৃদ্ধির দাবিতে নতুন মুখ্যমন্ত্রী ও অধ্যক্ষের দ্বারস্থ হন প্রাক্তন বিধায়করা। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ও অধ্যক্ষের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিধায়কদের সেই দাবি মেনে নিয়ে প্রাক্তন বিধায়কের পেনশনের অঙ্কটা প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। সূত্রের খবর, এবার থেকে বিধায়কদের ন্যূনতম পেনশন হতে চলেছে ১২ হাজার টাকা। সর্বোচ্চ হতে চলেছে ২৫ হাজার টাকা। সেই সঙ্গে যে ৬ হাজার টাকা করে চিকিৎসার খরচ পেতেন, প্রাক্তন বিধায়করা সেটাও আগের মতোই পাবেন। সেই সঙ্গে অন্যান্য কিছু সুবিধা বাড়ানো যায় কিনা ভাবা হচ্ছে।
এ প্রসঙ্গে পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বরাবরই এই বিষয়টি নিয়ে খুব সংবেদনশীল। তিনি বিরোধী দলনেতা থাকাকালীনও বিষয়টি নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন। আমরা প্রাক্তন বিধায়কদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। পরিষদীয় দপ্তর থেকে প্রস্তাব অর্থদপ্তরে গিয়েছে। এটা যেহেতু আইনের বিষয় তাই আগামী দিনে আমরা আইন আনব।”