• গ্রামাঞ্চলে চিকিৎসক-নার্সদের জন্য নতুন ফ্ল্যাট, থাকবে এসি! বড় ভাবনা স্বাস্থ্যমন্ত্রীর
    প্রতিদিন | ১২ আগস্ট ২০২৬
  • রাজ্যে পালাবদলের পর চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। সরকারি হাসপাতালগুলির হাল ফেরাতে সক্রিয় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল পরিদর্শন করে হাল হকিকতও খতিয়ে দেখছেন তিনি। সেই আবহেই এবার বড় ভাবনার কথা প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী। গ্রামাঞ্চলে চিকিৎসক-নার্সদের জন্য নতুন ফ্ল্যাট তৈরি করা হবে। সেসব ফ্ল্যাটে এসির ব্যবস্থা থাকবে। শুধু তাই নয়, অত্যাধুনিক শৌচালয় রাখারও ভাবনাচিন্তা চলছে। এমনই জানিয়েছেন শারদ্বত মুখোপাধ্যায়।

    রাজ্যের বিভিন্ন হাসপাতালের পাশাপাশি চিকিৎসক-নার্সদের থাকার কোয়ার্টারগুলিও পরিদর্শন করছেন স্বাস্থ্যমন্ত্রী। বহু ক্ষেত্রেই সেসব জায়গা বসবাসযোগ্য নয়, বলে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে। বর্ষার বৃষ্টিতে ছাদ থেকে জল পড়ছে! ঘরের মধ্যে সাপ ঢুকে যাওয়ার ঘটনাও ঘটছে! তৃণমূল আমলে কার্যত এসব জায়গায় উন্নয়ন হয়নি! বেহাল অবস্থায় সেসব আবাসনগুলি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে! এমনই অভিযোগ উঠছে।

    রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এদিন বলেন,”আমি বহু জায়গায় গিয়ে দেখেছি নার্সিং স্টাফদের থাকার জায়গায় খারাপ অবস্থা। জল পড়ছে সাপ ঢুকছে। কীভাবে থাকবেন ওঁরা?” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর এই বিষয়ে কথা হয়েছে। চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য বড় পরিকল্পনা চলছে। এদিন শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “এবার ভাবা হচ্ছে ফ্ল্যাটের। এসি থাকবে। ৩৪১ টি ব্লকের জন্য একই ব্যবস্থার ভাবনা।” এই পরিকল্পনা বাস্তবায়িত হতে শুরু করলে গ্রামেগঞ্জের স্বাস্থ্যরক্ষায় বিরাট বদল আসবে। স্বাস্থ্যকর্মীরাও আরও বেশি কাজে মনোনিবেশ করতে পারবেন। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। 

    আজ, মঙ্গলবার ব্লাড ব্যাঙ্ক সংক্রান্ত বিতর্কের আবহেই উচ্চ পর্যায়ের বৈঠক হয় স্বাস্থ্যভবনে। সেখানে ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিবের বৈঠক হয়। কীভাবে টাকার বিনিময়ে রক্ত ভিনরাজ্যে বিক্রি হয়েছে? কেন এত অনিয়ম? সেইসব বিষয় নিয়ে উষ্মাপ্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। এদিন বৈঠক শুরুর পর থেকেই দাবাং মুডে ছিলেন মন্ত্রী। অনিয়ম নিয়ে রীতিমতো ধমক দেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

    তৃণমূল আমলে রাজ্যের বহু হাসপাতালকে সুপার স্পেশালিটি বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু বাস্তবে অনেক হাসপাতালেই পরিকাঠামো নেই বলে অভিযোগ। স্বাস্থ্যমন্ত্রী এবার থেকে প্রতি মাসে দুটি হাসপাতাল পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে। এছাড়াও রাজ্যের ১৫টি হাসপাতালে ক্যাথল্যাব হবে। সেই কথাও জানা গিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)