নয়াদিল্লি: সোমবার রাঁচিতে প্রতিবাদী পড়ুয়াদের মিছিলে ঝাড়খণ্ড পুলিশের বলপ্রয়োগের নিন্দা করলেন কংগ্রেস নেতা। তাঁর দাবি, ছাত্রছাত্রীদের কথা শুনে রাজ্য সরকারকে অবিলম্বে সমস্যার সমাধান করতে হবে। উল্লেখ্য, ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন জেএমএম জোট সরকারের শরিক কংগ্রেসও। এই অবস্থায় রাহুল গান্ধীর এদিনের বার্তা নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ।
নিট প্রশ্নফাঁস কাণ্ডের ইস্যুতে দিল্লির যন্তরমন্তর সহ দেশের বিভিন্ন জায়গায় পড়ুয়াদের উপর বলপ্রয়োগের ঘটনায় তীব্র নিন্দা করেছিলেন রাহুল গান্ধী। এবার ঝাড়খণ্ডে চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে প্রতিবাদী পড়ুয়াদের মিছিলেও পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ঘিরে রাজনীতি উত্তাল। সরব রাজ্যের বিরোধী দল বিজেপি। এই অবস্থায় এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, ‘ঝাড়খণ্ডে প্রতিবাদী পড়ুয়াদের প্রতি আমার বার্তা স্পষ্ট। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো ছাত্রছাত্রীদের উপর যে কোনো ধরনের হিংসাকে আমরা নিন্দা জানাই। কোথায় তা ঘটেছে সেটা অর্থহীন। আমরা এর বিরুদ্ধে। নিন্দা করছি। আমরা এরকম পদক্ষেপের সুপারিশ করি না। সমর্থনও করি না।’ সাংবাদিক বৈঠকের আগে এদিন এক্স হ্যান্ডলে রাহুল গান্ধী লেখেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে ছাত্রছাত্রীদের। শুধুমাত্র আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। ছাত্রছাত্রীদের বক্তব্য শোনার প্রক্রিয়া বজায় রেখে অবিলম্বে সমস্যার সমাধান করতে হবে ঝাড়খণ্ড সরকারকে।