• অভিষেককে বিদেশযাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
    বর্তমান | ১২ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘মামলা আছে বলে কাউকে চিকিৎসার জন্য‌ ঩বিদেশ যেতে বাধা দেওয়া যায় না। তাও আবার চোখের মতো স্পর্শকাতর বিষয়ে।’ সোমবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানিতে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ শর্ত সাপেক্ষে অভিষেককে তাঁর চোখের চিকিৎসায় তিন সপ্তাহের জন্য আমেরিকা যাওয়ার অনুমতি দিল। 

    যদিও সেই অনুমুতি আটকানোর মরিয়া চেষ্টা চালালেন দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু। পশ্চিমবঙ্গ সরকার, পুলিশ কমিশনার সহ এই মামলায় পাঁচজনকে বিবাদী করেছেন আবেদনকারী অভিষেক। কলকাতা হাইকোর্ট তাঁকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে আবেদন করেছেন তিনি। এদিন শুনানিতে অভিষেকের হয়ে সওয়াল করেন আ‌ইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। তিনি বলেন, চিকিৎসার জন্য ছাড় চাওয়া হচ্ছে, তাও মিলছে না। 

    আপত্তি জানিয়ে রাজু বলেন, ‘১৬টি মামলা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। বিদেশ গেলে তিনি যদি না ফেরেন, সেটাই বড়ো প্রশ্ন। তাই কলকাতা বা দেশেই তাঁর চিকিৎসা করানো হোক। আদৌ বিদেশ যাওয়ার দরকার আছে কি না, সেটা দেখা হোক।’ যা শুনে বিচারপতি জয়মাল্য বাগচীর মন্তব্য, প্রায় সব মামলাই তো ৫ মের পর। তাও উস্কানিমূলক নির্বাচনী বক্তৃতা দেওয়ার মতো বিষয়। তাছাড়া মামলা আছে বলে কাউকে চিকিৎসার জন্য আটকানো যায় না। তাও আবার চোখের মতো স্পর্শকাতর অঙ্গের বিষয়।’ 

    রাজ্য সরকারের আইনজীবীর আর্জি খারিজ করে প্রধান বিচারপতি বলেন, ‘ডিপ্লোম্যা঩টিক পাসপোর্ট নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে পারবেন। তবে আমেরিকার কোথায় যাবেন, কোথায় থাকবেন, কোন হাসপাতালে কোন ডাক্তার চিকিৎসা করবেন, কোন বিমানে যাবেন, ফিরবেন, তার বিস্তারিত জানাতে হবে। বিদেশ যাত্রার দুদিন আগে তদন্তকারী পুলিশকে তা অবগত করতে হবে।’ 
  • Link to this news (বর্তমান)