• এনবিইউতে এবছর নিজস্ব পোর্টালেই স্নাতকোত্তরে ভর্তি
    বর্তমান | ১২ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, বাগডোগরা: এবার থেকে নিজস্ব পোর্টালেই স্নাতকোত্তরে ভর্তি নেওয়া হবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। ডিজিটাল পরিকাঠামো জোরদার করার পাশাপাশি প্রশাসনিক ও অ্যাকাডেমিক কাজে আত্মনির্ভরতার পথে হাঁটল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বহিরাগত এজেন্সির উপর নির্ভরতা কমিয়ে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির জন্য এবার সম্পূর্ণ নিজস্ব অনলাইন পোর্টাল চালু করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়াও। পাশাপাশি, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ই-গভর্নেন্স প্রকল্প ‘সমর্থ’ বাস্তবায়নের ক্ষেত্রেও এক ধাপ এগল বিশ্ববিদ্যালয়। নির্দিষ্ট কিছু কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়েছে এই কেন্দ্রীয় প্লাটফর্মের মাধ্যমে। কর্তৃপক্ষের লক্ষ্য, ধাপে ধাপে পুরো প্রশাসনিক ও পঠনপাঠনের পরীক্ষামূলক পরিকাঠামোকেই এই ব্যবস্থার অধীনে আনা। 

    বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বিগত কয়েক বছর ধরে ভর্তি থেকে শুরু করে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজের জন্য বাইরের প্রযুক্তি সংস্থার মুখাপেক্ষী হয়ে থাকতে হত এনবিইউ কে। নিজস্ব পোর্টাল চালু হওয়ায় সেই ব্যবস্থার অবসান ঘটল। পড়াশোনা ও প্রশাসনিক কাজ পরিচালনা করার জন্য একটি সুরক্ষিত এবং নিয়ন্ত্রণাধীন ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক অধ্যাপক সমর কুমার বিশ্বাস বলেন, নিজেদের পোর্টাল তৈরি করে তা চালু করতে পারাটা বড় সাফল্য। এতে শিক্ষার্থীদের পরিষেবা দেওয়া যেমন সহজ হবে, তেমনই প্রাতিষ্ঠানিক স্বাবলম্বিতাও বাড়বে। একই সঙ্গে ‘সমর্থ’ চালুর হওয়ায় আমাদের ডিজিটাল ব্যবস্থা আরও মজবুত হল। 

    ‘সমর্থ’-এর নোডাল অফিসার অনির্বাণ বিশ্বাস বলেন, পোর্টালটি তৈরি করা সহজ ছিল না। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই এটা সম্ভব হয়েছে। তবে এটাই শেষ নয়, আগামী দিনে পুরো ভর্তি প্রক্রিয়াই ‘সমর্থ’ প্লাটফর্মে স্থানান্তরিত করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, ‘সমর্থ’-এর অ্যাসোসিয়েট নোডাল অফিসার ডঃ অর্ধেন্দু মণ্ডল জানিয়েছেন, ভর্তির পাশাপাশি পরীক্ষার জন্য বিশেষ একটি ‘এক্সামিনেশন মডিউল’ তৈরির কাজ চলছে। দ্রুত তা চালু করা হবে। প্রাথমিক ভাবে পিএইচডি কোর্স ওয়ার্ক পরীক্ষার মাধ্যমে নতুন এই মডিউলের কার্যকারিতা পরখ করে দেখা হতে পারে।
  • Link to this news (বর্তমান)