• পানিহাটিতে অভয়াস্মরণ অনুষ্ঠানে নির্মল ঘনিষ্ঠ ব্যক্তিকে আমন্ত্রণ, বিতর্ক
    বর্তমান | ১২ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: আর জি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের স্মরণে ডাঃ অভয়া দেবনাথ মেমোরিয়াল ট্রাস্টের পথ চলা শুরু হয়েছে। রবিবার পানিহাটি লোকসংস্কৃতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের একাধিক মন্ত্রী ও বিজেপি নেতা। এছাড়া অভয়ার মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ ও বাবা শেখররঞ্জন দেবনাথও ছিলেন। এই অনুষ্ঠানেই পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ-ঘনিষ্ঠ বলে পরিচিত চন্দন বন্দ্যোপাধ্যায় ওরফে দ্যুতিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অনুষ্ঠানের একটি ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তির্যক মন্তব্যে ভরে গিয়েছে। রত্না দেবনাথকেও নিশানা করে লেখা হয়েছে, ‘অর্থ থাকলে মেয়ের খুনিদের লোকজনকেও মাফ করে দেওয়া যায়!’ প্রসঙ্গত, ২০২২ সালের পুরসভা ভোটে ৩ নম্বর ওয়ার্ডে নির্মল ঘোষের মেয়ে তন্দ্রা ঘোষের বদলে চন্দনবাবুর স্ত্রী ঝরনা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের প্রার্থী করার প্রসঙ্গও তুলে ধরা হয়েছে ওই পোস্টে। তবে যাবতীয় অভিযোগ উড়িয়ে চন্দনবাবু বলেন, আমি রাজনীতির লোক নই। অভয়া ট্রাস্টের নামে ভালো কাজ হবে বলে বিধায়কের স্বামী আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই গিয়েছিলাম। সিপিএম ও তৃণমূল আমলেও বহু অরাজনৈতিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছি। কারও ঘনিষ্ঠ বলে যে কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যে কথা। এই অভয়াস্মরণ অনুষ্ঠানে পানিহাটির বহু বিজেপি কর্মী ডাক পায়নি। এনিয়ে দলের অন্দরেও প্রশ্ন উঠছে।
  • Link to this news (বর্তমান)