নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের সমস্ত মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে। সোমবার বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অনুমতি মেলার পর মামলাটি দায়ের হয়েছে। মামলায় একাধিক প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে কার নির্দেশে এই কাজ হচ্ছে? পুলিশ কার নির্দেশে এই কাজ করছে এবং কোন আইনের বলে এই মাইক খোলা হচ্ছে? মামলাটির শুনানির সম্ভাবনা আগামী বৃহস্পতিবার।
অন্যদিকে, এই একই ইস্যুতে আজ ১১ আগস্ট মঙ্গলবার মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল একটি সংগঠন। আজ, মঙ্গলবার ৭৫০ জন লোক নিয়ে সকাল সাড়ে ১১টা থেকে এক ঘণ্টার মধ্যে মিছিল শেষ করতে হবে। মাইক ব্যবহার করা যাবে না। রাজাবাজার থেকে শিয়ালদহ হয়ে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করার অনুমতি চাওয়া হয়েছিল মামলায়।