• রাজারহাট পঞ্চায়েত সমিতি: একজন সদস্য নিয়েই তৃণমূলের সমর্থনে নয়া সভাপতি বিজেপির
    বর্তমান | ১২ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মোট ১৫টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে ১৪টি। একটিমাত্র আসন ছিল বিজেপির। একটা সময় একমাত্র বিজেপি সদস্য পঞ্চায়েত সমিতিতে আসতেও ভয় পেতেন! কিন্তু রাজ্যে পালাবদলের পর বদলে গেল সেই ছবি। একজন সদস্য নিয়েই তৃণমূল কংগ্রেস সদস্যদের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি পদ পেল বিজেপি। আগের সভাপতি প্রবীর কর পদত্যাগ করায় সোমবার নতুন সভাপতি নির্বাচন হয়। তাতেই বিজেপির একমাত্র সদস্যা রুমা মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন। সরাসরি গেরুয়া শিবিরে যোগ না দিলেও ১০ জন ‘ভালো তৃণমূল’ সদস্য তাঁকে হাত তুলে সমর্থন জানিয়েছেন। যদিও এই ঘটনার পর তৃণমূল নেতৃত্ব বলছে, গণতন্ত্রকে হত্যা করা হল!

    রাজারহাট এলাকা বরাবরই তৃণমূলের খাসতালুক হিসাবে পরিচিত ছিল। গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির একটি আসন বাদে সবক’টিতেই জয়ী হয় তৃণমূল। রাজ্য পালাবদলের পর পঞ্চায়েত সমিতিতে কার্যত ‘অচলাবস্থা’ চলছিল। তৃণমূল কংগ্রেসের প্রবীর কর ছিলেন সভাপতি। অভিযোগ, তিনি কাজের পরিবেশ পাচ্ছিলেন না। সম্প্রতি তিনি সভাপতি পদ থেকে ইস্তফা দেন। শুধুমাত্র সভাপতি পদত্যাগ করায় বোর্ড অক্ষত রয়েছে। নতুন সভাপতি নির্বাচনের জন্য সোমবার দিন স্থির হয়েছিল। সমিতির কনফারেন্স হলে এদিন তৃণমূল কংগ্রেসের ১০ জন সদস্য এবং বিজেপির একমাত্র সদস্য রুমা মণ্ডল হাজির হন। 

    সভাপতির পদে রুমাদেবীর নাম প্রস্তাব করা হয়। তখন হাত তুলে ১০ জন তৃণমূল সদস্য তাঁকেই সমর্থন জানান। যেহেতু সভাপতি পদে দ্বিতীয় কারও নাম প্রস্তাব হয়নি, তাই কোনো ভোটাভুটিও হয়নি। তৃণমূলের ভরসায় বিনা বাধাতেই সভাপতি নির্বাচিত হন রুমাদেবী। এদিন রাজারহাট-নিউটাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়াও পঞ্চায়েত সমিতিতে যান। জয়ের আনন্দে মিষ্টিমুখ করানো হয় উপস্থিত সবাইকে। নতুন সভাপতি বলেন, ‘মানুষের জন্য কাজ করব। উন্নয়নের স্বার্থে কাজ করব।’

    রাজারহাট-নিউটাউনের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন, ‘আজ গণতন্ত্রকে হত্যা করা হল। একটি ভীতির পরিবেশ তৈরি করা হয়েছিল। তাই এই ঘটনা। মাত্র একজন মেম্বার কীভাবে সভাপতি হন? কী হয়েছে, এটা তো সবাই বুঝতে পারছে।’ যদিও বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া বলেন, ‘কাউকে জোর করা বা ভয় দেখানো হয়নি। যাঁরা সমর্থন করেছেন, তাঁরা প্রত্যেকে স্বেচ্ছায় তা করেছেন।’ তাঁরা কি বিজেপিতে যোগ দিলেন? বিধায়কের জবাব, ‘ধীরে ধীরে সব উত্তর পাবেন।’
  • Link to this news (বর্তমান)