• বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির ভ্রূকুটি, দুর্যোগের কালো মেঘ উত্তরেও?
    এই সময় | ১২ আগস্ট ২০২৬
  • বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রূকুটি। দিন কয়েক আগেই নিম্নচাপের বৃষ্টিতে ভিজেছিল বাংলা। ফের নয়া এক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবারই সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তার এর প্রভাবেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জায়গাতেও।

    আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, বুধবার সারাদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৯ শতাংশের আশেপাশে থাকবে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবারও শহরের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

    বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে আজ, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এবং পশ্চিমাঞ্চলের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কম হতে পারে।

    উত্তরবঙ্গেও বুধবার বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    এক নজরে

    FAQ

    বঙ্গোপসাগরে নতুন করে কী ঘনীভূত হচ্ছে?

    উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    কলকাতায় আজ আবহাওয়া কেমন থাকবে?

    কলকাতার আকাশ সারাদিন মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় ৯৯ শতাংশ থাকবে।

    দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে?

    দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    ঝোড়ো হাওয়ার গতিবেগ কত থাকতে পারে?

    দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ উভয় ক্ষেত্রেই বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।

    এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কবে কাটবে?

    দক্ষিণবঙ্গে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ উল্টে আরও বৃদ্ধি পেতে পারে।

  • Link to this news (এই সময়)