• টেক অফে অনেক দেরি, কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যাত্রীদের প্রবল বিক্ষোভ
    এই সময় | ১২ আগস্ট ২০২৬
  • ​বুধবার সকালে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়ানের সময় বদলকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ। যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে কলকাতা থেকে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান টেক অফ না করায় বিমানবন্দরে বিক্ষোভ দেখান যাত্রীরা।

    ​বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ১৭০ জন যাত্রী নিয়ে বুধবার সকাল সাড়ে ৬টায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ানটির চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। নির্দিষ্ট সময়সূচি মেনে যাত্রীদের বোর্ডিং পাসও দেওয়া হয়। কিন্তু টেকঅফের ঠিক আগে তাতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। অভিযোগ, বোর্ডিং পাস ইস্যু হয়ে গেলেও যান্ত্রিক গোলযোগ নিয়ে কর্তৃপক্ষ যথাসময়ে যাত্রীদের কিছুই জানায়নি।

    দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও বিমান ছাড়ার বিষয়ে কোনও ঘোষণা না হওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। তাঁদের অভিযোগ, দীর্ঘক্ষণ বিমানবন্দরে বসিয়ে রাখা হলেও সমস্যার সমাধান বা বিকল্প ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষের তরফে পর্যাপ্ত সহযোগিতা করা হয়নি। এর পরেই বিমানবন্দর চত্বরে বিক্ষোভ শুরু করেন যাত্রীরা।

    অসন্তোষ সামাল দিতে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণে নির্ধারিত সময়ে বিমান টেক অফ উড়তে পারবে না এবং মুহূর্তে বিকল্প বিমানের ব্যবস্থা করাও সম্ভব নয়। এই জবাবে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন যাত্রীরা এবং টার্মিনাল চত্বরে বিক্ষোভ শুরু করেন।

    উড়ানের একেবারে শেষ মুহূর্তে এমন যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। একই সাথে দীর্ঘ সময় বিমান আটকে থাকায় তাঁদের পূর্বনির্ধারিত জরুরি কাজ ব্যাহত হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।

    শেষ পাওয়া খবর অনুযায়ী, বিমানবন্দর চত্বরে উত্তেজনার মাঝে সকাল সাড়ে ১১টার পরে অবশেষে সংশ্লিষ্ট বিমানটি ছাড়ার কথা ঘোষণা করা হয়। তবে বিমানে ঠিক কী ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল, সে বিষয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। উড়ানের নতুন সময়সূচি ঘোষিত হওয়ার পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

  • Link to this news (এই সময়)