প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা মাসে ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বুধবার বিধানসভায় কলকাতা এবং হাওড়ার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পাশ হয়েছে। তার পরেই মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান, নিয়ম সংশোধন করে অগস্ট মাস থেকেই প্রাক্তন বিধায়কদের বর্ধিত ভাতা কার্যকর হবে। শুভেন্দু বলেন, ‘বিভিন্ন দলের প্রাক্তন বিধায়কদের দেখেছি। সততা, নিষ্ঠা নিয়ে তাঁরা ছিলেন। মেদিনীপুরে এমন প্রাক্তন বিধায়ক, মন্ত্রী রয়েছেন, যাঁরা সাইকেল চড়ে যাওয়া আসা করেন। প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর স্টেশনে বসে থাকেন। বাজার করেন।’
পাশাপাশি বর্তমান বিধায়কদের নিজেদের এলাকায় কার্যালয় খোলার জন্য রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, সেই কেন্দ্রের নাম দিতে হবে ‘নেতাজি সুভাষ সেবাকেন্দ্র’। মুখ্যমন্ত্রীর বক্তব্য, দলীয় কার্যালয়ের বাইরে এলাকার মানুষের জন্য বিধায়কেরা যাতে এই কেন্দ্র থেকে পরিষেবা দেওয়ার কাজ করতে পারেন, তার জন্যই টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘যাঁরা কাজ করবেন না, টাকা পাবেন না।’
বন্যা-বিধ্বস্ত অসমকেও ১০ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, প্রাকৃতিক দুর্যোগে অসমে গত কয়েক দিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। এই অবস্থায় প্রতিবেশী রাজ্যের জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।